এবারের মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়া খেলছে আবাহনী লিমিটেড। দেশি খেলোয়াড়দের নিয়েই বাজিমাত করে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
আজ আরো একটি জয় পেয়েছে সর্বোচ্চ ছয়বারের পেশাদার লিগের চ্যাম্পিয়নরা। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসিকে।
এ নিয়ে লিগে পাঁচ ম্যাচ খেলে চতুর্থ জয় পেলো আবাহনী। ফেডারেশন কাপের ম্যাচসহ এই মৌসুমে পঞ্চম জয় পেয়েছে আকাশি-হলুদ জার্সিধারীরা। হেরেছে মাত্র একটি ম্যাচে।
বাংলাদেশ পুলিশের বিপক্ষে খেলার ২২ মিনিটে রবিউলের পাস থেকে বক্সে বল পেয়ে যান আরমান ফয়সাল আকাশ। গোল আদায় করে নিতে অসুবিধা হয়নি আকাশের। চমৎকার এক শটে গোল করেন এই ফুটবলার।
আবাহনী ১-০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিট পর আরো একটি সুযোগ পান আকাশ। কিন্তু প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শট নিলেও তা লক্ষ্যে ছিল না। ৩৬ মিনিটে সুযোগ পায় বাংলাদেশ পুলিশ। কিন্তু ইসার ক্রস থেকে গোলমুখে থেকেও ব্যর্থ হন আলআমিন।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৮৮ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে আবাহনীর স্কোর লাইন ২-০ করেন শাহরিয়ার ইমন। পুলিশের দুইজনকে কাটিয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। এই জয়ে আবাহনীর অর্জন ১২ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রহমতগঞ্জ। আবাহনরি চেয়ে তারা গোল গড়ে এগিয়ে। শীর্ষে থাকা মোহামেডানের অর্জন সর্বোচ্চ ১৫ পয়েন্ট।