আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন জিম্বাবুয়ের দখলে। প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করানোর পর দ্বিতীয় ইনিংসেও সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারীরা।
প্রথম ইনিংস থেকে ১২২ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তৃতীয় দিন শেষে তারা ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে তাদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ২৯১ রান। হাতে রয়েছে ৩ উইকেট। ফিফটি হাঁকিয়েছেন ব্রেন্ডন টেলর। ইনোসেন্ট কাইয়া ৩৩, ব্রায়ান ব্রেনেট ২৮ ও আনতুম নাকভি ২০ রান যোগ করেন দলীয় স্কোরে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৩৩৯ রানের একটি শক্ত ভিত গড়ে তোলে। দলের হয়ে দুর্দান্ত শতক হাঁকান ব্রেন্ডন টেলর (১১৯ রান)। এছাড়া ইনফর্ম ব্যাটার ইনোসেন্ট কাইয়া ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। বেন কুরান করেন ৪৪ রান। আফগান বোলিং আক্রমণ সামলে তারা ১১৪.৫ ওভার ব্যাট করে বড় সংগ্রহ গড়ে। আফগানিস্তানের জার্সিতে একাই ধস নামান নাসের মারুফখিল, যিনি ৭টি উইকেট শিকার করেন। এছাড়া জিয়াউর রহমান দুটি এবং ইয়ামিন আহমেদজাই একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়েছে। দলটি ৬৯.৪ ওভারে মাত্র ২১৭ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে আফসার জাজাই অর্ধশতক (৬৩) তুলে দলের রান কিছুটা বাড়ান। এছাড়া রহমত শাহ (৩০), হাশমতউল্লাহ শাহিদী (৩০) এবং ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৩৪) ভালো শুরু পেলেও তা বড় ইনিংসে রূপ দিতে পারেননি। জিম্বাবুয়ের বোলিংয়ে ব্লেসিং মুজারাবানি ৩টি এবং ভিনসেন্ট মাসেকেসা ৪টি উইকেট তুলে নেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ৩৩৯/১০ ও দ্বিতীয় ইনিংস : ১৬৯/৭, ৫৮ ওভার (টেলর ৫০, কাইয়া ৩৩, বেনেট ২৮, নাকভি ২০; সালিম ২/৪০, জিয়াউর ২/২০ ও ইয়ামিন ২/২৮)।
আফগানিস্তান প্রথম ইনিংস : ২১৭/১০, ৬৯.৪ ওভার।
* তৃতীয় দিন শেষে