বিরূপ আবহাওয়া ও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপা নির্ধিারণী ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্টের ভিত্তিতে দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আজ শুক্রবার (২০ নভেম্বর) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের।
রাজধানীর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বৈরী আবহাওয়ার কারণে একটি বলও খেলা হয়নি। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার সুবাদে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চার জাতির এই আঞ্চলিক টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করেছে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শিরোপাজয়ী পাকিস্তান দলকে অভিনন্দন জানানোর সঙ্গে তিনি পুরো আসরে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের নিষ্ঠা, দৃঢ়তা ও খেলোয়াড়সুলভ মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের প্রেস শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শিরোপা জয় পাকিস্তান দলের জন্য যেমন এক গর্বের মুহূর্ত, তেমনি সমগ্র দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ক্রীড়ার প্রসারেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।