সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তবে মাঠে নামার ঠিক আগে বড় দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস।
নিতম্বের ডান অংশের জয়েন্টে নতুন করে একটি চোট ধরা পড়েছে লিটনের। সেই চোটের কারণেই সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম আজ এই তথ্য নিশ্চিত করেছেন।
বায়েজীদুল ইসলাম বলেন, ‘লিটন কুমার দাস গতকাল একটা কমপ্লেইন করার কারণে, রাইট হিপ জয়েন্টে, আমরা তার একটা এমআরআই করাই। সেখানে রিপোর্টে এসেছে তার একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টে। এরপরেও চেষ্টা করেছে আজকে ফিটনেস টেস্টে (খেলতে) পারা যায় কিনা। তবে সে অ্যাভেইলঅ্যাবল নয়। আমরা যে বেঞ্চমার্ক চেয়েছি সেটা সে হিট করতে পারেনি। ফলে এই সিরিজে সে অ্যাভেইলেবল নয়।’
লিটনের বদলি হিসেবে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়।
এছাড়া জিম্বাবুয়ে ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও। সেটার ব্যাখ্যাও দিয়েছেন ফিজিও। তিনি জানান, ‘মেহেদী হাসান মিরাজ ৩ দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি আজকের ম্যাচের জন্য অ্যাভেইলেবল নন।’