গত সোমবার গভীর রাতে দুবাই থেকে জাপানের নাগোয়ায় এসে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লম্বা ভ্রমণের ধকলে মঙ্গলবার দল বিশ্রামে ছিল। আজ বুধবার অনুশীলনে নামবে তারা। পরদিন চীনের বিরুদ্ধে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ম্যাচ। তবে ম্যাচ, প্রতিপক্ষ, এশিয়ান গেমস ক্রিকেট সবকিছু ছাপিয়ে এখন আলোচ্য বিষয় একটাইÑঅধিনায়ক নিগার সুলতানার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত!
জাপানে বসেই বিসিবির কাছে ইমেইল পাঠিয়ে টি-টোয়েন্টির অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর নিজের ইচ্ছার কথা জানিয়েছেন নিগার সুলতানা। বিসিবির নারী উইংসের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু অধিনায়কের ইমেইলযোগে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি অস্বীকার করেননি। তবে তিনি জানিয়েছেন, এ বিষয়ে বিসিবি এখনই কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না। এশিয়ান গেমসে জ্যোতি অধিনায়ক থাকছেন। তার নেতৃত্বেই দল খেলবে। গেমস শেষে বিসিবি এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে।
এদিকে এ বিষয়ে নাগোয়ায় নারী দলের ম্যানেজার ফাইয়াজের কাছেও সাংবাদিকরা ফোন করে বিষয়টির সত্যতা জানতে চান। ফাইয়াজ বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমরা এখন বুধবারের অনুশীলন এবং পরদিনের ম্যাচ নিয়ে ভাবছি।
দুবাইয়ে এশিয়া কাপে বাংলাদেশ দল ব্যর্থ হয়। শ্রীলঙ্কার কাছে হারের পরও সে টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনালে ওঠে। সেমিতে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এশিয়া কাপে দলের ব্যর্থতার সঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ব্যর্থতা নিয়েও কড়া সমালোচনা ওঠে। তিনি দলের সেরা ব্যাটার; অথচ সে তিনিই দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে দলকে বিপদ থেকে উদ্ধার করতে ব্যর্থ। ব্যাটিংয়ে নিজেকে ফিরে পেতেই এই ফরমেটে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়ে দেন জ্যোতি।
জ্যোতির এমন সিদ্ধান্তে বিসিবি খানিকটা সময় চেয়ে নিয়েছে। নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, এশিয়ান গেমসের পর দলের পারফরম্যান্স ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
২০২২ সালের কমনওয়েলথ গেমসের আগে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান জ্যোতি। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮০ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ জিতেছে ৩২ ম্যাচ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। একই আসরে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষেও জয় আসে।
তবে সাম্প্রতিক ফলাফল প্রত্যাশামতো হয়নি। সবশেষ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেয় বাংলাদেশ। টানা দ্বিতীয়বার শেষ চারে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে দলকে। এর আগে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আট দলের মধ্যে সপ্তম হয়েছিল বাংলাদেশ।
জ্যোতিকে ঘিরে মাঠের বাইরেও বিতর্ক হয়েছে। এশিয়া কাপের সেমিফাইনালের আগে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে হ্যান্ডশেক না করার ঘটনা আলোচনায় আসে। এ বিষয়ে বিসিবির বক্তব্য ছিল, এটি জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত; বোর্ড থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি।
এশিয়ান গেমসের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরসহ বাংলাদেশের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ। নেতৃত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও সে সময়ই আসার সম্ভাবনা।
নাগোয়ায় আপাতত এসব আলোচনা থেকে দূরে থাকতে চায় দল। আজ বুধবার অনুশীলন, পরদিন চীনের বিপক্ষে ম্যাচ। আর এ ম্যাচে টস করতে জ্যোতিই নামছেনÑতা বিসিবিও স্পষ্ট করে দিয়েছে।