চলতি বছরের নভেম্বর–ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে তারা। সেই ব্যস্ত সূচির পরই বাংলাদেশের বিপক্ষে শুরু হবে পূর্ণাঙ্গ লড়াই।
বাংলাদেশের সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। প্রথম টেস্ট ১৫ নভেম্বর শুরু হবে জোহানেসবার্গে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩–২৭ নভেম্বর। এই সিরিজটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট শেষে ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ১০–১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ দিয়ে সফরের পর্দা নামবে।
সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে তারা প্রস্তুত। তার মতে, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ। শুধু আয়োজক হিসেবে নয়, সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেও নিজেদের গড়ে তুলতে চায় প্রোটিয়ারা।