পাকিস্তান-হংকং কোয়ার্টার ফাইনাল ছিল কাল।
-হয়নি। বৃষ্টিতে মাঠ ভেজা ছিল।
ভারত-আফগানিস্তান কোয়ার্টার ফাইনাল ছিল একই দিন দুপুরে।
-সেই ম্যাচও হলো না। কারণ সেই একই-বৃষ্টি।
বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল আছে আজ।
-এই ম্যাচও কি হবে? বৃষ্টি কি থামবে? ভেজা মাঠ কি খেলার উপযুক্ত হবে?
আজকের ম্যাচে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ মালয়েশিয়াকে নিয়ে সমীকরণের কাটাকুটি খেলার আগে উপরের তিন প্রশ্নের উত্তর খুঁজছে! মজার বিষয় হলো এই মাঠ এবং এদিন মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের ভাগ্য কোনদিকে গড়াচ্ছে সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট এমনকি ক্রিকেটাররাও মুলত ভালো করেই জানেন।
তারপরও অপেক্ষায় থাকতেই হচ্ছে।
এশিয়ান গেমসের ক্রিকেটের জন্য খারোগি অ্যাথলেটিকে পার্ক ভেন্যুতে একটু অন্যপাশে একটা ফুটবল মাঠ আছে। সেখানে দুপুরের পর খানিকটা সময় ফুটবল খেলল বাংলাদেশ দল। যেহেতু ফুটবল মাঠ তাই সেখানে ক্রিকেট অনুশীলনের যথাযথ উইকেট এবং নেট কোনটাই ছিল না। ক্রিকেট অনুশীলনে আসা বাংলাদেশ দলের খেলোয়াড়রা সেই মাঠে ফিল্ডিং ঝালাই করছেন। আড়মোড়া ভেঙে ফিটনেস ঠিক রাখতে দৌড়াদৌড়ি করলেন। বেশিরভাগ সময় কাটালেন মুলত ফুটবল খেলে। আর গুঁড়িগুঁড়ি বৃষ্টির গুনগুন শুনলেন।
হোটেলে ফেরার সময় অধিনায়ক লিটন দাস আরেকবার আকাশের দিকে তাকালেন। সম্ভবত সেখান থেকে নির্ভরতা খুঁজছিলেন, যেন আজ ম্যাচটা হয়! তবে খারোগি অ্যাথলেটিক স্পোর্টস পার্কের বৃষ্টিভেজা মাঠে বাংলাদেশের এই প্রার্থনা কবুল হবে কিনা- কে জানে?
বৃষ্টিভেজা পুরো মাঠের যে পরিস্থিতি এবং খারোগি নাগোয়ার আজকের আবহাওয়া বার্তায় আস্থা রাখলে আজ আপনি এই ম্যাচ দেখতে ভেন্যুতে যাওয়া মানে বৃষ্টিকে দেখা! আবহাওয়া বার্তা জানাচ্ছে আজ মঙ্গলবার এখানে বৃষ্টির সম্ভাবনা শতকরা ৬০ ভাগ! বাকি যে ৪০ ভাগ বৃষ্টি না হওয়ার সম্ভাবনার সূত্র ধরেও অংক কষছে বাংলাদেশ।
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার। করোগি স্পোর্টস পার্কে মালয়েশিয়ার বিপক্ষে সরাসরি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। আর জাপান সময় ১টা ৩০ মিনিটে।
শক্তির বিচারে মালয়েশিয়ার চেয়ে অনেকটা এগিয়ে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে এই পর্বে এসেছে দলটি। ফলে আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই তাদের। এছাড়া অতীত অভিজ্ঞতাও আশা জোগাচ্ছে তাদের।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে; ২০২৩ সালের চীন এশিয়ান গেমসে। সেবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল মালয়েশিয়া। তবে শেষ ওভারে আফিফ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ানদের হাত থেকে জয়টা ছিনিয়েই আনে বাংলাদেশ; ৫ রান তাড়া করতে গিয়ে ২ রানে হারে মালয়রা।
তবে বাস্তবতার নিরিখে এবার মালয়েশিয়ানদের পরীক্ষাটা পাহাড়সম। কারণ ২০২৩ সালে যে দলের সঙ্গে লড়াই করেছিলেন তারা, সেটা ছিল বাংলাদেশের দ্বিতীয় সারির দল। তবে এবারই প্রথম এশিয়ান গেমসে পূর্ণশক্তির টি-টোয়েন্টি দল পাঠিয়েছে বাংলাদেশ। দুদলের র্যাঙ্কিংয়ের পার্থক্যটা যেমন অনেক, তেমনি কন্ডিশনটাও বাংলাদেশের পক্ষে। নাগোয়ায় এখন পর্যন্ত যে কয়েকটি ম্যাচ হয়েছে, সেখানে বোলিং সহায়ক উইকেট দেখা গেছে। অনেকাংশে বোলিং নির্ভর দল হওয়ায় পিচ থেকেও সুবিধা পাবে বাংলাদেশই। ফলে এই ম্যাচটা সহজেই উতরে যাওয়া উচিত টাইগারদের।
তবে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই অবশ্য শঙ্কা রয়েছে। নাগোয়ায় গত কয়েকদিন ধরেই বৃষ্টির কারণে কোনো ম্যাচ হচ্ছে না। শুরুতেই জানিয়েছি, সোমবারের দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা আছে। বৃষ্টিতে ম্যাচ না হলে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল যেহেতু নকআউই খেলতো।
বৃষ্টির কারণে ক্রিকেটারদের প্রস্তুতিও বাধা পাচ্ছে। বৃষ্টির ফাঁকে ফাঁকে কোনোরকমে নেটে অনুশীলন করছেন ক্রিকেটাররা। শনিবার এবং রোববার দুদিনই অনুশীলন ছিল। সোমবার অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক লিটন দাস। জানিয়েছেন, আবহাওয়ার কারণে অনুশীলনের খুব বেশি সুযোগ না পেলেও অভিযোগ নেই তাদের। দেশ থেকেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে এসেছেন তারা।
বৃষ্টিতে অনুশীলন বাধা পাচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, 'প্রতিটি দলের জন্যই একই বিষয়টা৷ আবহাওয়ার ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই। যতটুকু সুবিধা তারা আমাদের দিয়েছে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল, আমরা চেষ্টা করেছি নিজেদের প্রস্তুত করার।'
বাংলাদেশ থেকেই নিজেদের ম্যাচ খেলার জন্য প্রস্তু করে এসেছেন জানিয়ে লিটন বলেন, 'দেশ থেকে আসার আগে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। আমি খেলোয়াড়দের বলেছি, ওখানে গিয়ে খুব একটা প্রস্তুতির সুযোগ থাকবে না। মানসিকভাবে ওইরকম প্রস্তুতি ছিল। এই দেশটা ক্রিকেটের জন্য তেমন পরিচিত না, তাই প্রস্তুতির জন্য খুব একটা সুবিধা দিতে পারবে কিনা, সেটা নিয়ে সন্দেহ ছিল; সে কারণে আমরা ওখান থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। আমার ধারণা, খেলোয়াড়রা মাঠে নামার জন্য প্রস্তুত।'
এশিয়ান গেমসে এখন পর্যন্ত কেবল একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ক্রিকেটে পদক জয়ের সম্ভাবনা বেশি, সেই চাপটা বোধ করছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, 'আপাতত না। প্রথম ম্যাচটা খেলি। জিতলে চিন্তাভাবনা করব। আপাতত কালকের ম্যাচের (মালয়েশিয়া) দিকে নজর। ম্যাচ না হলে কিছু করার থাকবে না। বৃষ্টির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই।' উইকেট এবং দলের কম্বিনেশন নিয়ে তিনি বলেন, 'উইকেটটা বোলারদের জন্য সহায়ক। আমাদের দলের যারা সেরা বোলার আছে, তারা খেলবে৷ টিম কম্বিনেশন হবে ৫ বোলার, ৬ ব্যাটার।'
এদিকে, বাংলাদেশ কোয়ার্টারে মাঠে নামার আগে তাদের সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেছে। সেরা চারে উঠলে পাকিস্তানের মুখোমুখি হবেন বাংলাদেশ। রোববার হংকংয়ের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিতে উঠে গেছে পাকিস্তান।
সেমিতে পাকিস্তানের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। টি- টোয়েন্টির র্যাঙ্কিংয়ে পাকিস্তান ৬ নম্বরে। বাংলাদেশের অবস্থান আটে। আইচি- নাগোয়ার বৃষ্টি সেই সেমিফাইনাল হতে দিবে কি? খেলা না হলে উন্নত র্যাঙ্কিংয়ের সুবিধায় পাকিস্তান ফাইনালে চলে যাবে।
আশার কথা হলো, আজকের পর বাকি চারদিন আইচি- নাগোয়ায় বৃষ্টি নেই! সেই স্বস্তিতে পৌছোনোর আগে আজ কোয়ার্টার ফাইনাল ধাপ করতে হবে বাংলাদেশকে। খেলাটা যেন হয়, সেজন্য মুখিয়ে পুরো দল।