দীর্ঘদিন পর সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে সাদা জার্সিতে ফিরেছিলেন জাকের আলী। কিন্তু দুই ইনিংসেই হতাশা উপহার দিয়েছেন এই ব্যাটার। দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মোটে ৩। তাই ম্যাচ শেষে তার অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ জাকেরকে খেলাতে গিয়ে একাদশের বাইরে রাখা হয় মেহেদী হাসান মিরাজকে। ফলে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই ম্যাচটা খেলতে হয়েছে বাংলাদেশকে।
অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে থাকলেও একাদশে জায়গা হয়নি জাকের আলী। ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে, সহানুভূতি থেকেই সেঞ্চুরিয়ন টেস্টে জাকেরকে একাদশে রাখা হয়েছে কিনা। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দাবি, সহানুভূতি নয়, দলের প্রয়োজন ও পারফরম্যান্স বিবেচনা করেই একাদশে নেওয়া হয়েছিল জাকেরকে।
শান্ত বলেন, ‘এখানে সহানুভূতির কারণে কাউকে দলে নেওয়া হয় না। দলের প্রয়োজনে যে ভালো করবে বলে মনে করা হয়, তাকে দলে নেওয়া হয়। জাকের আলী অতীতে লাল বলের ক্রিকেটে ভালো করেছে। আমাদের মনে হয়েছিল, ও যদি দলে আসে, তাহলে দলের জন্য ভালো কিছু করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারেনি। ক্রিকেটে এমন হয়।’
মিরাজ না খেলায় স্পিনারের অভাব ভালোভাবেই বোধ করেছে বাংলাদেশ। দুই পার্ট টাইম স্পিনার মুমিনুল হক এবং হৃদয়কে দিয়ে ৩৫ ওভার বল করিয়েছেন অধিনায়ক। তবে তারা উইকেট পেয়েছেন মোটে একটা। স্বাভাবিকভাবেই এমন ফলাফলের পর প্রশ্ন উঠেছে দল নির্বাচন নিয়েও।
কিন্তু ম্যাচ হারলেও টিম কম্বিনেশন নিয়ে কোনো সন্দেহ নেই অধিনায়কের। তার মতে, ম্যাচের আগে দলীয় সমন্বয় বিবেচনায় চার পেসারই যথেষ্ট ছিলেন, ‘এখন ফল হয়ে গেছে, এখন তো অনেক কিছুই মনে হবে যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। তবে আমার মনে হয়, ম্যাচ শুরুর আগে যখন আমরা কম্বিনেশন নিয়ে চিন্তা করেছিলাম, তখন আমাদের মনে হয়েছিল এটাই সেরা সম্ভাব্য একাদশ। দুর্ভাগ্যজনকভাবে জাকের ওই জায়গায় পারফর্ম করতে পারেনি।’
সেঞ্চুরিয়নের পেস সহায়ক কন্ডিশনের পূর্ণ সুবিধা নিয়েছেন প্রোটিয়া পেসাররা। বাংলাদেশি বোলাররা সেভাবে সুবিধা নিতে না পারায় হতাশা পারায় হতাশা প্রকাশ করেছেন শান্ত, ‘আমার কাছে মনে হয়েছে, কন্ডিশন যেমন ছিল, চার পেসারই ২০ উইকেট নেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা করতে পারিনি। বোলাররা হয়তো ওই জায়গায় ভালো বল করতে পারেনি। সামনের দিকে এই জায়গাটায় আমাদের আরও পরিকল্পনার দিকে নজর দিতে হবে। পাঁচ বোলার নিয়ে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, সেটা ভাবতে হবে।’