হোম > খেলা > ক্রিকেট

‘এই ম্যাচে দেখার মতো ক্রিকেটই হচ্ছে’

ইফাজ ইমরোজের বিশ্লেষণ

ইয়াফেজ ইমরোজ ইফাজ

চার সপ্তাহ আগেও যদি কেউ আমাকে বলত, তাওহিদ হৃদয় বাংলাদেশের টেস্ট দলে নিজের জায়গা পাকা করে ফেলবেন, আমি হয়তো খুব একটা বিশ্বাস করতাম না। অথচ দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়েই নিজের সামর্থ্যের এমন প্রমাণ দিলেন তিনি। এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন হৃদয়। সেই দক্ষিণ আফ্রিকাতেই এবার টেস্ট ক্রিকেটে নিজেকে নতুন করে চেনালেন। আমার কাছে বিষয়টিকে বেশ কাব্যিক মনে হয়। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের যে মানসিকতা থাকে, হৃদয়ের ব্যাটিংয়েও তার ছাপ স্পষ্ট।

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অদ্ভুতভাবে আউট হওয়ার পর টেস্ট ক্রিকেটে তার ফিরে আসাটা যেন রূপকথার গল্প। প্রথমে ডাবল সেঞ্চুরি, এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি। এত অল্প সময়ে এমন প্রত্যাবর্তন সত্যিই মুগ্ধ করার মতো।

এই সেঞ্চুরির গুরুত্ব বুঝতে হলে প্রতিপক্ষের বোলিং আক্রমণের দিকে তাকাতে হবে। জোহানেসবার্গে হৃদয় যে বোলারদের বিপক্ষে শতরান করেছেন, তাদের মধ্যে তিন পেসারই আইসিসি টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের সেরা দশে আছেন। অর্থাৎ, বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেই এই কীর্তি গড়েছেন তিনি। ম্যাচের শেষ ফল যা-ই হোক, আমার চোখে এটি মানসম্পন্ন টেস্ট ব্যাটিংয়ের অসাধারণ উদাহরণ।

হৃদয়ের ব্যাটিংয়ে আমার সবচেয়ে ভালো লাগে তার পরিস্থিতি বুঝে খেলার ক্ষমতা। তার ইনিংসের স্ট্রাইক রেট দেখলে পুরোনো দিনের ধ্রুপদি টেস্ট ব্যাটিংয়ের কথা মনে পড়ে। কিন্তু তাকে মাঠে ব্যাট করতে দেখলে বোঝা যায়, ধৈর্য ধরার পাশাপাশি আক্রমণ করার সময়টাও তিনি ভালো বোঝেন। কখন কোন বোলারকে আক্রমণ করতে হবে, কখন রান নিতে হবে, আবার কখন বল ছেড়ে দিতে হবেÑসবকিছুতেই তার একটা স্বচ্ছ পরিকল্পনা থাকে। প্রতিকূল পরিস্থিতিতে বাউন্স সামলে উইকেট আগলে রাখার ধৈর্যও আছে। আমার মনে হয়েছে, এ ইনিংসে তার ব্যাটিংয়ের প্রায় প্রতিটি দিকই ছিল পরিণত।

কাগিসো রাবাদার কথাও এখানে উল্লেখ করতে হয়। ম্যাচ শেষে রাবাদা বলেছেন, হৃদয়কে থামাতে তারা সব ধরনের চেষ্টা করেছেন; কিন্তু দিন শেষের আগে সফল হতে পারেননি। প্রতিপক্ষের একজন বিশ্বমানের বোলারের এমন প্রশংসাই বুঝিয়ে দেয় হৃদয় কতটা ভালো খেলেছেন। হৃদয়ের মধ্যে রান করার ক্ষুধা যেমন আছে, তেমনি পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরনে পরিবর্তন আনার ক্ষমতাও রয়েছে।

হৃদয়ের এই পারফরম্যান্স বাংলাদেশের মিডল অর্ডার নিয়েও নতুন করে আশাবাদী করে তুলছে আমাকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর দলের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। ধারাবাহিকতার অভাব, ধৈর্যের ঘাটতিÑসবকিছু নিয়েই আলোচনা হয়েছে। সে জায়গা থেকে হৃদয়ের এমন ইনিংস দলের জন্য বড় স্বস্তি। আমার বিশ্বাস, তার এই পারফরম্যান্স ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলবে।

জোহানেসবার্গের উইকেট অবশ্য ব্যাটারদের জন্য সহজ ছিল না। পেসাররা যথেষ্ট সহায়তা পেয়েছেন। তবে হৃদয় ও লিটন দেখিয়েছেন, মনোযোগ ধরে রেখে উইকেটে সময় কাটাতে পারলে এখানেও রান করা সম্ভব। আউটফিল্ড ছিল বেশ দ্রুতগতির। তাই মাটিতে খেলা শট থেকেও ভালো রান এসেছে।

বাংলাদেশের স্কোর ২২ রানে তিন উইকেট, তখন আমার মতো অনেকেরই হয়তো মনে হয়েছিল বড় বিপর্যয় অপেক্ষা করছে। কিন্তু হৃদয় ও লিটন দাস যেভাবে পাল্টা লড়াই শুরু করলেন, তাতে চাপটা ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বোলারদের দিকেই চলে গেল। যেসব পেসার শুরুতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছিলেন, তারাই পরে উইকেটের জন্য হাঁসফাঁস করেছেন। আমার কাছে এই জুটি বাংলাদেশের অন্য ব্যাটারদের জন্যও শিক্ষণীয়। এমন পরিস্থিতিতে কীভাবে ধৈর্য ধরে খেলতে হয়, সুযোগ বুঝে রান তুলতে হয়Ñসেটি তাদের কাছ থেকে শেখার আছে।

টস জিতে বাংলাদেশের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, এই উইকেটে আগে ব্যাটিং নেওয়া ঠিক হয়নি। কিন্তু দিনের শেষে ছয় উইকেটে ৩২৭ রান নিয়ে মাঠ ছাড়তে পারলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিশ্চয়ই সেই সিদ্ধান্তে খুশি হতেন। হৃদয় ও লিটনের ব্যাটিং সেই সিদ্ধান্তকে অন্তত প্রথম দিনই যথার্থ প্রমাণ করেছে।

আমার ধারণা, দ্বিতীয় ও তৃতীয় দিনেও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে। তবে যারা চতুর্থ ইনিংসে ব্যাট করবে, তাদের জন্য কাজটা কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে প্রতিপক্ষ বড় লক্ষ্য ছুড়ে দিলে চাপ সামলানো সহজ হবে না।

বাংলাদেশের একাদশে একজন বিশেষজ্ঞ স্পিনারের অভাব চোখে পড়েছে। এ ঘাটতি হয়তো শান্ত ও মুমিনুল হককে ভাগাভাগি করে পূরণ করতে হবে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটে স্পিনারদের জন্যও কিছু সুযোগ তৈরি হতে পারে।

সব মিলিয়ে জোহানেসবার্গ টেস্ট এখন দারুণ এক লড়াইয়ের জায়গায় দাঁড়িয়ে। হৃদয় ও লিটনের ব্যাটিং বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে এসেছে, সেখান থেকে ম্যাচের সম্ভাবনা আরো বেড়েছে। সামনে কী অপেক্ষা করছে, তা এখনই বলা কঠিন। তবে একটি বিষয় নিশ্চিতÑএই ম্যাচে দেখার মতো ক্রিকেটই হচ্ছে।

হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

মেয়ের জন্মদিনে লিটনের উপহার

জায়েদের ১০ উইকেট, জমে উঠেছে শিরোপার লড়াই

দ্বিতীয় সেশনে আর উইকেট পেল না বাংলাদেশ

নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

নো বলে তাসকিনের আক্ষেপ, প্রোটিয়াদের ১ উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০

দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন মেয়েকে

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন