পাকিস্তানে চলমান অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টুর্নামেন্টে নিয়মরক্ষার সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বুধবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। শুরুতে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৫৮ রান করে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নেমে ৫৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কানরা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওপেনার মাইমুনা নাহার ২৬ বলে ২৩ রান করেন। ২৬ বলে ১৭ রান করে সাদিয়া আক্তার। এছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
শ্রীলঙ্কার হয়ে ১৩ রানে ৩ উইকেট নেন লিমানসা। সিউমিনি নিয়েছেন ২ উইকেট।
জবাব দিতে নেমে শুরুতে একটু ধাক্কা খেলেও সহজ জয় আদায় করে নেয় শ্রীলঙ্কা। ভিমুকশা ১৮ বলে ২২ রানের ক্যামিও খেলেছেন। শেষ দিকে নেথমি এবং লিমানসা মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। নেথমি ১৭ এবং লিমানসা ১০ রান করেন।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফারজানা ইয়াসমিম মেধা এবং তিথি দাস অপর্ণা।
আগামী ১৬ অক্টোবর একই ভেন্যুতে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।