পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। তবে স্বস্তির খবর দিয়েছেন নিজেই—দেশে ফেরার বিমানে উঠেছেন মুশফিক।
উমরাহ শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুবাই পৌঁছানোর পর ফ্লাইটটি আবার জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সৌদিতেই অবস্থান করতে হয় তাকে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে স্বস্তির বার্তা দেন এই উইকেটকিপার-ব্যাটার।
দেশে ফেরার বিমানে উঠে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।’
এর আগে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকির কথা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’
সব মিলিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফেরার পথে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।