হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি

স্পোর্টস রিপোর্টার

ঝড়টা গেল মোহাম্মদ আশরাফুলের ওপর দিয়েই। বিদেশের মাটিতে সাম্প্রতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়েছে বারবার। আবুধাবির ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচের কোনোটিতেই পুরো ৫০ ওভার টিকতে পারেনি দল। গুটিয়ে গেছে ১৭২ ও ১৬০ রানে। হার এসেছে বড় ব্যবধানে, তাও আবার জিম্বাবুয়ে আর আফগানিস্তানের কাছে। শনিবার সেই ব্যর্থতার দায় চুকিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে নিয়োগ পাওয়া আশরাফুলকে এই সময়ে দলের সঙ্গে কাজ করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বোর্ড। একই সঙ্গে জানিয়েছে, তাঁকে বোর্ডের অন্য একটি দায়িত্বে রাখা হবে। সেটা কী, তা এখনো ঠিক হয়নি।

মিরপুরে শনিবার দুপুরে খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন শেষ করার পরই আশরাফুলকে সিদ্ধান্তটা জানানো হয়। নিজের বিদায়ের খবর শুনে আশরাফুল খুব যে অবাক হয়েছেন তাও কিন্তু নয়। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শুধু জানিয়েছেন, ‘এখন আমি আর জাতীয় দলের সঙ্গে নেই, অপেক্ষায় আছি পরের দায়িত্বের।’

শনিবার দলের সঙ্গে অনুশীলনে আশরাফুল বেশ হাসিখুশি মেজাজেই ছিলেন।

আপাতত আশরাফুলের জায়গায় ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত ব্যাটিং বিভাগ সামলাবেন তিনিই। ব্যাটিং কোচ হিসেবে বিদেশি কাউকি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বেশ কয়েকজন ব্যাটিং কোচের সঙ্গে এ নিয়ে কথা চালাচালিও করছে বিসিবির টিম অপারেশন্স বিভাগ।

জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে পেছনের এক বছরের পুরো সময়টা খুব খারাপ কাটেনি আশরাফুলের, বিশেষ করে টেস্টে। তাঁর সময়ে আট টেস্টের পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। ড্র একটি, হার দুটি। জয়ের হার প্রায় ৬৩ শতাংশ। সাদা বলেও এসেছে বড় কিছু মুহূর্ত। মার্চে ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে দল। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছে ওয়ানডে সিরিজ, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।

সবচেয়ে বড় গল্পটা ডারউইনের। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এক সপ্তাহের ব্যবধানে সেই দলই টেস্টের প্রথম ইনিংসে তুলেছে ৪২৬ রান। তানজিদ হাসান করেছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি, ১০১ রান। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের এটাই প্রথম শতক। শান্ত করেছেন ৮৪, মিরাজ ৬৫। ২২৮ রানের লিড নিয়ে নয় উইকেটের জয়, শেষ পর্যন্ত সিরিজ ১-১ ড্র।

তবে আশরাফুলের বিদায়ের কারণ লুকিয়ে আছে সাম্প্রতিক ওয়ানডে ক্রিকেটের ফলাফলে। আবুধাবিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৩.৪ ওভারে ১৭২ রানে ইনিংস শেষ, হার ৯৯ রানে। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের ছবিটা আরও খারাপ। ৪১.২ ওভারে ১৬০ রানেই থেমে যায় দলের ইনিংস। আরেকটি বড় ব্যবধানে হার। এবং সিরিজ থেকে বিদায়।

হিসাব জানাচ্ছে শেষ ছয় ওয়ানডের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় মেনে নিয়েছেন, বিদেশে দলের ব্যাটিং ইউনিট ধারাবাহিকভাবে খারাপ করছে। সমস্যাটা তাঁর মতে মানসিকতার।

এশিয়ান গেমসেও একই গল্প। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৩ ওভারে ১১১ রান করে বাংলাদেশ। ছয় ওভারের মধ্যেই পড়ে গিয়েছিল চার উইকেট, রান তখন ৪৫। ব্রোঞ্জ ম্যাচে শ্রীলঙ্কার ১৬৫ রানের জবাবে অলআউট ১০২, হার ৬৩ রানে। এশিয়ান গেমসের ক্রিকেটে এই প্রথম কোনো পদক ছাড়াই ফিরতে হলো বাংলাদেশকে।

ঘটনাচক্রে ঘুরেফিরে ব্যাটিংয়ের দায়িত্ব সেই সালাহউদ্দিনের হাতেই গেল। গত নভেম্বরে আশরাফুলকে বিশেষ ব্যাটিং কোচ করার সময়েই পদত্যাগপত্র দিয়েছিলেন তিনি। ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সমালোচনা তখন তাঁকেও ছুঁয়ে গিয়েছিল। পরে আলোচনার পর পদত্যাগ প্রত্যাহার করেন সালাহউদ্দিন, আর বোর্ড জানায়, দুজনই থাকছেন।

সামনে ২৮ অক্টোবর থেকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। সালাহউদ্দিনের জন্য সেটাই প্রথম পরীক্ষা। আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে ওয়ানডে বিশ্বকাপে, যার আর এক বছরের মতো বাকি।

পরিসংখ্যান বলছে, আশরাফুলের অধ্যায় পুরোপুরি ব্যর্থতার ছিল না। টেস্টে জয় এসেছে, অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতিও আছে। কিন্তু বিদেশের মাটিতে ওয়ানডেতে একই ভুলের পুনরাবৃত্তিই শেষ পর্যন্ত তাঁর বিদায়ের কারণ হয়ে দাঁড়াল। কোচ বদলালেই কি বাংলাদেশের ব্যাটিং বদলে যাবে? সালাহউদ্দিন বা নতুন কোনো কোচ এসে আসলে কী বদলাতে পারেন, সেই অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট!

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন আফগানিস্তান

অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে

ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া

ইংল্যান্ডকে টপকে সাতে আফগানিস্তান

চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক জামাল

হতাশা ঝেড়ে উইন্ডিজ সিরিজের অনুশীলনে শান্তরা

মাহফিজুল-নাঈমের সেঞ্চুরি

ক্যান্সারে প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার

শঙ্কা থাকলেও দলে লিটন, না খেলেই বাদ সৌম্য

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!