পাকিস্তানে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রোববার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে ওঠে ইয়াং টাইগ্রেসরা।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১০৪ রানে থামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে অধিনায়ক সাদিয়া ইসলামের ব্যাট থেকে। ২৮ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। শিরিনা খাতুন ৪০ বলে ৩২ এবং নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান করেন। শেষ দিকে সাদিয়া আক্তারের ৭ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তেমন লড়াই করতে পারেনি পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। ৩ উইকেট নেন এই পেসার। নিশিতা আক্তার নিশি পেয়েছেন দুই উইকেট।
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাকে পেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর ফয়সালাবাদেই হবে সেই ম্যাচ। ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি ম্যাচ আছে বাংলাদেশের। তবে সেই ম্যাচটি হবে স্রেফ নিয়মরক্ষার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল- ১৩৬/৫ (সাদিয়া ৪৪, শিরিন ৩২, নিশিতা ২০; রোজিনা আকরাম ১/২০)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল- ১০৪/৯ (রাভাইল ৩৬, আকসা ২৩, রোজিনা ১৩; ফারজানা মেধা ৩/১৯, নিশিতা ২-২১)