সারা বিশ্বে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জয়জয়াকার। ক্রিকেট জনপ্রিয় অনেক দেশেই চালু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্ট। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আসরের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ক্রিকেটে ক্লাব বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা দেখছেন গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক নিজেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে জড়িত। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে কমিশনার হিসেবে কাজ করছেন। একটা সময় নিজেও ছিলেন ফ্যাঞ্চাইজি ক্রিকেটের মাঠের খেলোয়াড়। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট অলিম্পিক ডটকমের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাব ও ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে নিজের ভাবনার কথা বলেছেন স্মিথ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই জোয়ারে স্মিথ একটি নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন। তার মতে, নিকট ভবিষ্যতে ফুটবলের মতো ক্রিকেটেও ক্লাব বিশ্বকাপের আয়োজন হতে পারে। স্মিথের ভাষায়, ‘ভবিষ্যতে অনায়াসেই ক্লাব বিশ্বকাপের মতো কোনো টুর্নামেন্ট আমরা দেখতে পারি। ভাবুন তো, আইপিএল, দক্ষিণ আফ্রিকার এসএ২০, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশসহ অন্যান্য বড় লিগের চ্যাম্পিয়ন দলগুলো একে অপরের বিপক্ষে খেলছে!’
ক্রিকেটের ক্লাব বিশ্বকাপ দর্শকদের নতুন রোমাঞ্চে ভাসিয়ে নিতে পারে। বৈশ্বিক পর্যায়ে টি-টোয়েন্টি ক্রিকেটে জনপ্রিয়তা বাড়িয়ে দেবে। ৪৫ বছরের সাবেক এ উদ্বোধনী ব্যাটসম্যানের ভাষায়, ‘এখন অনেক লিগেই যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যক্তিগত মালিকানা রয়েছে, তাই এ ভাবনার দারুণ সম্ভাবনা আছে। অবশ্যই এমন কিছু বাস্তবে রূপ দেওয়ার আগে অনেক কাজ করতে হবে, তবে এর ভিত্তিটা কিন্তু তৈরিই আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পুরোপুরি নতুন এক ইকোসিস্টেম তৈরি করেছে।’
অলিম্পিকে ক্রিকেটের খেলা হবে ২০২৮ সালের ১২ থেকে ২৯ জুলাই পর্যন্ত। লস অ্যাঞ্জেলেসের ফেয়ারপ্লেক্স ভেন্যুতে টি-টোয়েন্টি ফরম্যাটে ছেলে ও মেয়েদের ক্রিকেটে ছয়টি করে দেশ খেলবে। স্মিথের বিশ্বাস, অলিম্পিক স্বর্ণপদক জয়ের হাতছানিতে নতুন রোমাঞ্চের স্বাদ পাবেন নতুন প্রজন্মের ক্রিকেটাররা। এ নিয়ে স্মিথের ভাষ্য, ‘এখনকার তরুণ ক্রিকেটারদের কাছে অলিম্পিকে স্বর্ণ জয়ের সুযোগ খেলাটিতে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করবে। এটি হবে পরবর্তী প্রজন্মের জন্য এক নতুন স্বপ্ন।’