আবুধাবি টেস্টে ব্যাট এবং গ্লাভস হাতে অনবদ্য ছিলেন লিটন দাস। দল শেষমেশ জয়ের দেখা না পেলেও বিশ্বরেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
মঙ্গলবার টেস্টের শেষ দিনের প্রথম সেশনে ইবাদত হোসেনের বলে অসাধারণ এক ক্যাচ নিয়ে ইকরাম আলিখিলকে ফেরান লিটন। আবুধাবি টেস্টে এটি ছিল লিটনের নবম ডিসমিসাল। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। আর তাতে টেস্ট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে দুবার ৫০+ রান এবং ৯টি ডিসমিসাল করার রেকর্ড গড়লেন লিটন। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের।
১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৫০+ রানের সঙ্গে ৮টি ডিসমিসাল করেন লিন্ডসে। সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬৯ এবং পরের ইনিংসে ১৮২ রান করেন লিন্ডসে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ক্যাচ নেন দুটি।
আবুধাবি টেস্টে সবমিলিয়ে ৮টি ক্যাচ এবং ১টি স্টাম্পিং করেন লিটন। আর দুটো ডিসমিসাল করলে টেস্ট ইতিহাসেএ সর্বোচ্চ ডিসমিসালের মালিক হতে পারতেন। যৌথভাবে ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পান্তের দখলে আছে এই রেকর্ড।
টেস্টে এক ম্যাচে উইকেটকিপারদের ৯টি ডিসমিসাল এই নিয়ে মোট ৩১ বার দেখা গেল। ১০টি ডিসমিসাল দেখা গেছে পাঁচবার। গতকাল পর্যন্ত ৮টি ডিসমিসাল নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন লিটন। আগের রেকর্ডটি ছিল খালেদ মাসুদের। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি ডিসমিসাল করেন তিনি।