ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করেছে মেহেদী হাসান মিরাজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কোয়ালিফায়ার ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের কাছে বাজেভাবে হেরেছে মিরাজরা।
শুক্রবার ব্রিজটাউনে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয় গায়ানা। জবাব দিতে নেমে মাত্র ৫.২ ওভারে জয় নিশ্চিত করে অ্যান্টিগা।
ব্যাটিং করতে চরম বিপর্যয়ের মুখে পড়ে গায়ানা। কেবল ১৫ ওভারই ব্যাট করতে পেরেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন গ্লেন ফিলিপস ও শাই হোপ। মিরাজ গোল্ডেন ডাকে ফিরেছেন। অ্যান্টিগার পক্ষে দুই পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান ও সুফিয়ান মুকিম শিকার করেন ৪টি করে উইকেট।
জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অ্যান্টিগা। রাহকিম কর্নওয়াল ১৬ বলে ৪৯ রান করেন। এভিন লুইস ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। এক কথায়, গায়ানাকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেননি অ্যান্টিগার ওপেনাররা।
তবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারলেও এখনও ফাইনালে ওঠার সুযোগ থাকছে গায়ানার। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জিতে আসা জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে জিততে হবে তাদের। ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত হবে।