টি-টোয়েন্টি বিশ্বকাপ
সুপার এইটের লড়াই চুকে-বুকে গেছে দিন তিনেক আগে। লড়াই এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠার। শেষ চারে থেকে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কাটতে আজ মাঠে নামছে দুই হট ফেভারিট ভারত-ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোমাঞ্চকর ও হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রতিপক্ষ কঠিন। ইংল্যান্ডের মতো শক্তিশালী দল। সন্দেহ নেই সামনে বড় চ্যালেঞ্জ। কিন্তু ভারত সেসবে পাত্তা দিতে নারাজ। যে করেই হোক ফাইনালে উঠতে চায় অধিনায়ক সূর্যকুমার যাদবের দল। বৈশ্বিক আসরের পরিসংখ্যানও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের হয়েই কথা বলছে। এ নিয়ে সব মিলিয়ে ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখেছে ভারত। আগের পাঁচবারের মধ্যে তিনবারই ফাইনালে পৌঁছে দুবার শিরোপা জিতেছে এশিয়ার দলটি।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভারত। সর্বশেষ শিরোপা জেতে তারা ২০২৪ সালে। ভারত প্রথমবার সেমিফাইনাল থেকে ছিটকে যায় ২০১৬ সালের আসরে। নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের ধরাশায়ী হয়েছিল তারা। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারের ম্যাচে ভারত ধরাশায়ী হয়েছিল আজকের ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে দক্ষিণ আফ্রিকাকে হারালেও ফাইনালে শিরোপা হাতছাড়া করে শ্রীলঙ্কার কাছে।
অন্যদিকে টানা পঞ্চমবার ও সব মিলিয়ে ষষ্ঠবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখেছে ইংল্যান্ড। ২০১০ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংলিশরা সেমির বাধা পেরোতে পেরেছে সব মিলিয়ে তিনবার। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড হার মানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড ও ২০২৪ আসরের সেমিফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা এখনো ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। ফিরতে পারেননি নিজের চেনা রূপ। তবে যে কোনো মুহূর্তে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন এ মারকুটে ব্যাটসম্যান। কিন্তু ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান বলছেন উল্টো কথা, ‘এই মুহূর্তে আমাদের সবটুকু মনোযোগ বৃহস্পতিবার রাতের দিকে। আশা করি, ওই ধরনের ইনিংস অভিষেক এবার আর খেলতে পারবে না। আমরা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’
নিজেদের মেলে ধরে ওয়াংখেড়ের গ্যালারিকে চুপ করাতে চান স্যাম কারান, ‘সবাই বলছে, ইংল্যান্ড কবে নিখুঁত ম্যাচ খেলবে। এটা (অ্যাডিলেইডের সেমি-ফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ। তাই আমরা যদি সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে। আমরা ইতিবাচক অনেক কিছুই (সেখান থেকে) নিচ্ছি। সত্যি বলতে, আমরা নিখুঁত ম্যাচ খেলি বা না, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি স্রেফ জিততে চাই এবং আরেকটি বিশ্বকাপ ফাইনালে যেতে চাই।’
স্পিনে ভারত থেকে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এ অধিনায়কের বিশ্বাস, ঘূর্ণিজাদু ম্যাচে ব্যবধান গড়ে দেবে, ‘ভারতের চেয়ে ইংল্যান্ডের ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভালো। বরুণ চক্রবর্তীর ওপর ব্যাটসম্যানরা চড়াও হয়ে খেলছে। স্পিন বিভাগের কথা বললে, ডসন, রশিদ ও উইল জ্যাকস টুর্নামেন্টের সেরা ত্রয়ী।’
২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কাকে হারিয়ে শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছিল ভারত। কিন্তু তার আগে-পরে একই মাঠে দুবার বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে দুটিতেই হারের তেতো স্বাদ হজম করেছে তারা। কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কারের দৃঢ় বিশ্বাস, এবার সেই ভাগ্য বদলাবে স্বাগতিকরা, ‘এটা নতুন যুগ, নতুন দল। ঠিক আছে, ভারতের ওয়াংখেড়েতে সেমি-ফাইনাল খেলার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। তবে আমি বিশ্বাস করি, শিরোপার জয়ের সামর্থ্য তাদের আছে।’