চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের লড়াই বেশ জমে উঠেছে। বিশেষ করে গ্রুপ-২ রোমাঞ্চের সবটা কেড়ে নিয়েছে যেন। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টানা দুই জয় তুলে নিয়ে ইংল্যান্ড আগেই শেষ চারে পৌঁছে গেছে। আগামীকাল লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার ম্যাচটি পাকিস্তানের জন্য ‘ডু অর ডাই’।
ইংল্যান্ডের কাছে হেরে সেমির পথটা আগেই কঠিন করে ফেলেছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার ৬১ রানের হারে সেটা আরো কঠিন হয়ে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া কোনো পথ নেই তাদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড জিতে গেলেই সর্বনাশ হয়ে যাবে সালমান আলী আঘার দলের। তখন কোনো সমীকরণ কাজে আসবে না। সেমিতে খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আর ইংল্যান্ড জিতে গেলে পাকিস্তানের সামনে সুযোগ থাকবে নেট রান রেটের ভিত্তিতে সেমিতে খেলার। তবে সেটার অবস্থাও সুবিধার নয়। কেননা। নিউজিল্যান্ড সেখানে এগিয়ে।
সমীকরণের হিসাব বলে, ইংল্যান্ড আগে ব্যাট করে যদি ১৮০ রান করে এবং নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ রানে জিততে হবে পাকিস্তানকে (যদি তারা আগে ব্যাট করে)। অর্থাৎ এই দুই ম্যাচের জয়-পরাজয়ের ব্যবধান সব মিলিয়ে ৭০ রানের মধ্যে থাকতে হবে। আর যদি নিউজিল্যান্ডে আগে ব্যাট করে ১৫০ রান করে, আর সে লক্ষ্য যদি ইংল্যান্ড ১৭ ওভারের মধ্যে টপকে যায়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে একই লক্ষ্য (১৫০) পাকিস্তানকে ১৪.৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে। তাহলে নেট রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পারবে পাকিস্তান।
আর যদি বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দুটির কোনো একটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হবে না। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটবে কিউইরা। ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে সেরা হয়ে সেমিতে উঠবে। তখন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ কেবল নিয়মরক্ষার ম্যাচ হয়ে যাবে। এবার দেখার পালা, পাকিস্তানের ভাগ্য কোন দিকে গড়ায়।