জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন রাজশাহীর নাঈম আহমেদ। একই দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন শুভাগত হোম।
শুভাগতর ৭০০০
ঢাকার বিপক্ষে তৃতীয় রাউন্ডের প্রথম দিনটা ভালো কেটেছিল ময়মনসিংহের। তবে ৪ উইকেটে ২২৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে ১ রান তুলতেই ২ উইকেট হারায় দলটি। দুই অপরাজিত ব্যাটার ব্যাটার মাহফিজুল ইসলাম (১১৬) ও রিজান হোসেন (৪৪) বিদায় নেন সকালেই। তবে সেখান থেকে দলকে ৩৮৭ রান পর্যন্ত নিয়ে গেছেন শুভাগত হোম এবং রাকিবুল ইসলাম।
ঢাকার বোলারদের হতাশ করে অষ্টম উইকেটে তারা যোগ করেন ১২৮ রান। শুভাগত ৭১ ও অধিনায়ক রাকিবুল করেছেন ৬১ রান। ৭০ রানের মাথায় প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শুভাগত। তাতে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ঢাকার লেগ স্পিনার আমিনুল ইসলাম ৪ ও পেসার সুমন খান পেয়েছেন ৩ উইকেট।
ঢাকা ব্যাটিংয়ে নেমে দিন শেষ করেছে ৩ উইকেটে ১২০ রান নিয়ে। অধিনায়ক মোহাম্মদ নাঈম অপরাজিত আছেন ৬৪ রানে।
মিমের টানা ৩ ফিফটি
ব্যাট হাতে ফর্ম অব্যাহত রেখেছেন রংপুরের মিম মোসাদ্দেক। আগের দুই ম্যাচের প্রথম ইনিংসে ফিফটি এবং সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার সিলেটের বিপক্ষেও ৫৯ রানের ইনিংস খেলেছেন। রংপুর অধিনায়ক আকবর আলী করেন ৭৪ রান।
তবে খুব বড় লিড নিতে পারেনি রংপুর। চট্টগ্রামে ১ উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করা দলটি অলআউট হয়েছে ২০৬ রানে। তাতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় রংপুর। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৪ রান তুলে সিলেট এগিয়ে গেছে ৭ রানে।
সিলেটের অফ স্পিনার নাঈম আহমেদ ২৫ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট।
জমজমাট খুলনা-চট্টগ্রাম ম্যাচ
সিলেটের একাডেমি মাঠে খুলনা-চট্টগ্রাম ম্যাচ বেশ জমে উঠেছে। ম্যাচের দুই দিনে পড়েছে মোট ২৬ উইকেট। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে খুলনার লিড ১১২ রানের।
খুলনার ২০১ রানের জবাবে ৩ উইকেটে ৭২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে চট্টগ্রাম। ঠিক পঞ্চাশ করে আউট হন আগের রাউন্ডে সেঞ্চুরি করা শাহাদাত। ৯ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৫৯ রান করেন অধিনায়ক ইরফান। ৬১ বলে পঞ্চাশ করেন শামীম। আড়াইশ' রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম।
খুলনার শেখ পারভেজ রহমান ৪৭ রানে নেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শেষ করেছে খুলনা। দলের ভরসা হয়ে ৫৮ রানে অপরাজিত আছেন জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন। এনামুল হক করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান।
নাঈমের ১৭৬*
রাজশাহীতে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন নাঈম আহমেদ। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত আছেন ১৭৬ রানে।
রাজশাহীতে আজ দ্বিতীয় দিনে বরিশালের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ঠিক ৪০০ রান তুলেছে রাজশাহী। দ্বিতীয় দিন শেষে দলটির স্কোর ৫ উইকেটে ৪২৪ রান। স্বাগতিকেরা এগিয়ে ১৯৫ রানে।
১৫২ রানের চতুর্থ উইকেট জুটিতে নাঈমের সঙ্গী সাব্বির রহমান করেছেন ৮৬ রান। এ ছাড়া এসএম মেহেরব অপরাজিত ৫৭ রানে।