হোম > খেলা > ক্রিকেট

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮

স্পোর্টস রিপোর্টার

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ছিল বাংলাদেশের পেসারদের দখলে। নতুন বলে তাসকিন আহমেদ ও নাহিদ রানার তোপে মাত্র ৬৬ রানেই চার উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে জিম্বাবুয়ে। তবে সেখান থেকেই স্বাগতিকদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন বেন কারান। বাঁহাতি এই ওপেনারের দায়িত্বশীল সেঞ্চুরির সঙ্গে শেষদিকে ব্র্যাড ইভান্সের ঝোড়ো ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৭ রানের লড়াকু সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে।

টস হেরে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। নিজের পরের স্পেলেই বিদায় করেন ইনোসেন্ট কাইয়াকেও। এরপর আক্রমণে এসে নাহিদ রানা বোল্ড করেন ক্রেইগ আরভিনকে। মাত্র ৬৬ রানে চার উইকেট হারিয়ে তখন চাপে জিম্বাবুয়ে।

এই কঠিন সময়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন বেন কারান ও সিকান্দার রাজা। দুজন মিলে ধীরে ধীরে রান তোলার পাশাপাশি বাংলাদেশের বোলারদের চাপও সামলে নেন। রাজা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।

রাজার বিদায়ের পর দ্রুত ক্লাইভ মাদান্দেও ফিরলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কারান। শেষদিকে তার সঙ্গে যোগ দেন ব্র্যাড ইভান্স। সপ্তম উইকেটে দুজন মিলে বাংলাদেশের বোলিং আক্রমণের ওপর পাল্টা চাপ সৃষ্টি করেন।

১২২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন কারান। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি ছিল ধৈর্য ও দায়িত্বশীলতার নিখুঁত উদাহরণ। অন্যদিকে মাত্র ৩৬ বলে ফিফটি পূর্ণ করা ইভান্স শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৮ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই ম্যাচে শক্ত অবস্থানে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে নতুন বলে তাসকিন ও নাহিদ দারুণ শুরু এনে দিলেও মাঝের ওভারে সেই চাপ ধরে রাখতে পারেননি বোলাররা। শেষদিকে কারান-ইভান্স জুটির সামনে বেশ খরুচে হয়ে ওঠে সফরকারীদের বোলিং।

এখন ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য ২৪৮ রান। প্রথম ওয়ানডেতে ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করেও ব্যাটিং ব্যর্থতায় হারের তিক্ত স্বাদ পেয়েছিল টাইগাররা। ফলে সিরিজে সমতায় ফিরতে এবার ব্যাটারদের সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা।

আজ সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের

ব্যাটারদের ব্যর্থতায় বৃথা গেল নাহিদের আগুনঝরা বোলিং

সহজ ম্যাচটাও জিততে পারল না বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু আজ

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে চমক, তিন বছর পর ফিরলেন ইয়াসির

আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

হারারের মঞ্চে তাইজুল ‘ম্যাজিক’

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ