গুরুত্বপূর্ণ লড়াইটা রীতিমতো নকআউটের আবহ তৈরি করেছিল। হারলেই বিদায়, জিতলেই সেমিফাইনালের সমীকরণে টিকে থাকার সুযোগ—এমন সমীকরণ নিয়ে মাঠে নামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সেই চাপের ম্যাচে আগে ব্যাট করে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ক্যারিবীয়রা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনেস টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন ক্যারিবীয় ওপেনাররা। প্রথম উইকেট জুটিতেই আসে ৬৮ রান। দলনেতা শাই হোপ ৩৩ বলে ৩২ রান করে বিদায় নিলেও, রানের গতি ধরে রাখেন রোস্টন চেজ, তার ব্যাট থেকে আসে ২৫ বলে ঝকঝকে ৪০ রান।
মাঝের ওভারে কিছুটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। অনফর্ম শিমরন হেটমায়ার ১২ বলে ২৭ রান করে ফিরলে, শেরফাইন রাদারফোর্ড করেন ৯ বলে ১৪। তবে শেষদিকে আবারও গতি বাড়ান ক্যারিবীয়রা।
ইনিংসের শেষাংশে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজনের ৬০ রানের কার্যকর জুটিতে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড়ায়। পাওয়েল ১৯ বলে ৩৪ এবং হোল্ডার ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার জাস্প্রীত বুমরাহ। চার ওভারে ৩৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।
এখন সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের সামনে লক্ষ্য ১৯৬ রান। চাপের এই সমীকরণে ব্যাট হাতে কেমন জবাব দেয় স্বাগতিকরা, সেটাই দেখার অপেক্ষা।