জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিনের খেলায় ডাবল সেঞ্চুরি পেয়েছেন নাঈম আহমেদ। একই ম্যাচে ২২ বলে ফিফটি করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন জাওয়াদ আবরার। ভিন্ন ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করেছেন আজিজুল হক তামিম। কক্সবাজারে ঢাকা-ময়মনসিংহের ম্যাচে এদিন সেঞ্চুরি করেছেন নাঈম শেখ।
নাঈমের ডাবল সেঞ্চুরি
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন নাঈম আহমেদ। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়লেন রাজশাহীর এই ব্যাটার। তার আগে তাইবুর রহমান, মোসাদ্দেক হোসেন, তাওহিদ হৃদয় ও আবদুল্লাহ আল মামুন প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি বানিয়েছিলেন।
নাঈমের অনবদ্য এই সেঞ্চুরিতে জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৫৭ রান করে ইনিংস ঘোষণা করে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৪৯ রান করা বরিশাল কেবল ২১ রানের লিড পেয়েছে। ৯৪ বলে ৯১ রানে করেছেন ওপেনার জাওয়াদ আবরার। সেঞ্চুরি না পেলেও ২২ বলে ফিফটি করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম ফিফটির নতুন রেকর্ড। এর আগে ২০১৪-১৫ মৌসুমের জাতীয় লিগে ২৪ বলে পঞ্চাশ করেছিলেন জিয়াউর রহমান।
বরিশাল ১ম ইনিংস: ২২৯
রাজশাহী ১ম ইনিংস: ৪৫৭/৭ডি. (নাঈম ২০২*, মেহেরব ৫৭, রুয়েল ৩/১০০)
বরিশাল ২য় ইনিংস: ২৪৯/৫ (নিহাদ ১/৩২)
আজিজুলের সেঞ্চুরিতে খুলনার দাপট
সিলেটে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন আজিজুল হাকিম তামিম। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ১৪৭ বলে ১৪২ রান করেন তিনি। হাঁকিয়েছেন ৯টি চার ও ১০টি ছক্কা।
৬ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করা খুলনা অলআউট হয়েছে ৩২৩ রানে। ২৭৫ রানের লক্ষ্য পাওয়া চট্টগ্রাম দিন শেষ করেছে ৫ উইকেটে ১৭৪ রান তুলে। মাহমুদুল হাসান (৬০) ও সাদিকুর রহমান (৭৬) উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ১২৯ রান। এরপর ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে রাজশাহী।
খুলনার বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার নিয়েছেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)
খুলনা ১ম ইনিংস: ২০১
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৫০
খুলনা ২য় ইনিংস: ৩২৩ (আজিজুল ১৪২, আফিফ ৫৯, ৩/২৮)
চট্টগ্রাম ২য় ইনিংস: ১৭৪/৫ (জয় ৬০, সাদিকুর ৭৬, রাকিব ৪/৪৪)
সিলেটের ২০৮ রানের লিড
চট্টগ্রামে তৃতীয় দিন শেষে রংপুরের চেয়ে ২০৮ রানে এগিয়ে সিলেট। সারা দিন ব্যাট করা দলটি দিন শেষ করেছে ৮ উইকেটে ২৩৫ রান তুলে। অমিত হাসান অপরাজিত আছেন ৯৪ রানে।
সিলেট ১ম ইনিংস: ১৭৯
রংপুর ১ম ইনিংস: ২০৬
সিলেট ২য় ইনিংস: ২৩৫/৮ (অমিত ৯৪*, মেহেদি ২/৩৯)
নাঈমের সেঞ্চুরি, তাইবুরের ৯৩
ড্রয়ের পথে এগোচ্ছে কক্সবাজারের ময়মনসিংহ–ঢাকা ম্যাচ। তৃতীয় দিন শেষেও ম্যাচের দ্বিতীয় ইনিংস শেষ হয়নি। ঢাকা দিনটা শেষ করেছে ৯ উইকেটে ৩৪২ রান নিয়ে। ময়মনসিংহের চেয়ে এখনো ৪৫ রানে পিছিয়ে তারা। ঢাকার অধিনায়ক নাঈম শেখ ১৩৫ রান করেছেন। এ ছাড়া ৯৩ রান করেছেন তাইবুর রহমান।
ময়মনসিংহ অধিনায়ক রাকিবুল হাসান পেয়েছেন ৪ উইকেট।
ময়মনসিংহ ১ম ইনিংস: ৩৮৭
ঢাকা ১ম ইনিংস: ৩৪২/৯ (নাঈম ১৩৫, আমিনুল ৩৪, রকিবুল ৪/৬৩)