হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের অখেলোয়াড়সুলভ আচরণে ক্ষুব্ধ হরভজন

আইসিসির হস্তক্ষেপ দাবি

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা এক রোমাঞ্চ। উত্তাপ ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচটা সেটাই প্রমাণ করেছে। যদি সেটা ছিল ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যকার ম্যাচ। তবে ম্যাচটি ছিল হাই-ভোল্টেজের। যে ম্যাচে ক্রিকেট অনুরাগীদের সঙ্গে উত্তেজনা ছুঁয়ে গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারদেরও। তাই তো ম্যাচের ফল ছাপিয়ে এখন আলোচনায় দুই দলের ক্রিকেটারদের মাঠের বিতর্কিত আচরণ। দোহায় অনুষ্ঠিত ওই ম্যাচে খেলোয়াড়দের মাত্রাতিরিক্ত স্লেজিং ও আক্রমণাত্মক উদ্‌যাপনকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং।

এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন হরভজন। তিনি বলেন, 'আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা জয়ের পর যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মাঠে যা ঘটেছে, তা মোটেও ঠিক নয়। এটি লজ্জাজনক এবং পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত খারাপ উদাহরণ তৈরি করছে।'

গত রোববার দোহায় অনুষ্ঠিত ম্যাচটিতে উত্তেজনার পারদ চড়তে শুরু করে খেলা শুরুর আগেই। টসের সময় ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক ভার্মা ও পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ প্রথাগত হাত মেলালো থেকে বিরত থাকেন। গত বছরের এশিয়া কাপ থেকেই দুদলের মধ্যে এমন শীতল সম্পর্ক দেখা যাচ্ছে। তবে মাঠের লড়াই শুরু হতেই তা রূপ নেয় তীব্র বাক্যবিনিময়ে।

পাকিস্তানের ব্যাটিং ইনিংসে ভারতীয় পেসার হর্ষিত রানার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান শামিল হুসাইন ও মাজ সাদাকাত। শামিলের ক্যাচ নেওয়ার পর এবং পরবর্তীতে রোহাইল নাজিরকে আউট করে আক্রমণাত্মক ভঙ্গিতে বিদায় জানান রানা।

ভারতের রান তাড়ার ইনিংসেও একই চিত্র দেখা যায়। বৈভব সূর্যবংশীর আউটের পর দুদলের খেলোয়াড়দের মধ্যে এক দফা উত্তপ্ত বাক্যবিনিময় হয়ে গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শেষ দিকে হর্ষিত রানা আউট হওয়ার পর। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম তেড়ে গিয়ে রানার দিকে এগোলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সতীর্থদের প্রচেষ্টা ও আম্পায়ারদের সরাসরি হস্তক্ষেপে শেষ পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ছাড়া পুরো ম্যাচেই দুদলের ফিল্ডাররা ব্যাটসম্যানদের লক্ষ্য করে যে ভাষায় স্লেজিং করেছেন, তা ক্রিকেটের স্বাভাবিক সৌজন্যবোধের সীমা ছাড়িয়ে গেছে।

মাঠের এই তিক্ততার রেশ কাটতে না কাটতেই টুর্নামেন্টে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দল খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’ দল। দুদল নিজ নিজ সেমিফাইনালে জয় পেলে ফাইনালে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ।

ম্যাচ শুরুর আগে এটাকেই সম্ভাব্য সেরা একাদশ মনে হয়েছে: শান্ত

সেঞ্চুরিয়নে বড় হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবনতি

খেলোয়াড়ি অধ্যায় পেরিয়ে কোচিংয়ে কেইন উইলিয়ামসন

দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ভালো শুরুর পর বিপর্যয়, ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

ছোট পর্দায় বাংলাদেশের টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ

ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া

বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

অ্যাকারম্যানের ১৫০, বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের হাত মেলাতে বাধ্য করার ক্ষমতা নেই: এমসিসি