হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।

আবুধাবিতে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে রান তুলতে থাকে আফগানরা। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ২৫ রান করে ফিরলেও, দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল মিলে গড়েন ১৪০ রানের দুর্দান্ত জুটি। ইব্রাহিম জাদরান মাত্র ৯৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯০ রান করে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন।

তবে সেদিকুল্লাহ আতাল ১১০ বলে চমৎকার এক শতক হাঁকিয়ে ১০২ রান করে আউট হন। ইনিংসের শেষ দিকে আফগানরা দ্রুত কয়েক উইকেট হারালেও নির্ধারিত ওভারে ২৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জিম্বাবুয়ের পক্ষে মাসুকু ও ব্র্যাড ইভান্স ৩টি করে উইকেট শিকার করেন।

জবাবে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের টপ অর্ডার আবারও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৪৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে উদ্ধারের চেষ্টা করেন অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল। তাদের গড়া ৬৪ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও বার্ল ৩১ রান করে আউট হন। এরপর সিকান্দার রাজাও দলীয় সর্বোচ্চ ৪৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

এরপরই বল হাতে ভেল্কি দেখান আফগান স্পিন জাদুকর রশিদ খান। মাত্র ২৯ রানের ব্যবধানে জিম্বাবুয়ের শেষ ৬ উইকেটের পতন ঘটে। মাত্র ৮ ওভার বল করে মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ইনিংস ধসিয়ে দেন রশিদ। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

এই বিশাল জয়ে ত্রিদেশীয় সিরিজে নিজেদের অবস্থান আরও সুসংহত করল আফগানিস্তান। আর অন্যদিকে, ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামার আগেই আফগানদের এমন দাপুটে পারফরম্যান্স বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা বহুগুণ বাড়িয়ে দিল।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি রূপ নিয়েছে একরকম অলিখিত ফাইনালে। জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করা তাওহিদ হৃদয়ের দলকে ফাইনালে যেতে হলে শুধু জয় পেলেই চলবে না, মেলাতে হবে নেট রানরেটের কঠিন সমীকরণও। তবে সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের শক্তির জোরালো জানান দিয়ে রাখল আফগানরা।

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬

হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ

ফাইনালে যেতে বাংলাদেশের সামনে দুই সমীকরণ

আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

রক্ষণাত্মক ক্রিকেট ডোবাচ্ছে দলকে

বৃষ্টির দিনে বল হাতে বোল্যান্ডের দাপট, বিপদে দক্ষিণ আফ্রিকা

মাহফিজুলের সেঞ্চুরির দিনে সানজামুলের ৪ উইকেট

ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন–হুসেইন!