টি-টোয়েন্টি বিশ্বকাপ
কোন বড় ইনিংস নাই, তবে ছয় ব্যাটারের সবাই ছিলেন আক্রমণাত্মক। তাতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৫ রান। কলকাতার ইডেন গার্ডেন্সে সেই লক্ষ্য তাড়া করতে ভারতের ঘাম একরকম ছুটে যাওয়ার অবস্থা। সাঞ্জু স্যামসন ছিলেন বলেই রক্ষা। একপ্রান্ত আগলে ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলে নিশ্চিত করে দেন ভারতের জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে এখন ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর প্রথম সেমিতে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড।
১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই আউট ওপেনার অভিষেক শর্মা। এক বিরতি দিয়ে ফেরেন ঈশান কিষাণ। টপ অর্ডার ভেঙে পড়ার দিনে তিলক ভার্মা কিংবা সূর্যকুমার যাদবরাও নিজেদের ইনিংস বড় করতে ব্যর্থ। তবে একপ্রান্ত আগলে রেখে তখনও অবিচল ছিলেন সাঞ্জু স্যামসন। অপরপ্রান্তে যখন যাওয়া-আসার মিছিল, তখন তিনি ঠায় দাঁড়িয়ে উইকেটে।
১০৮ মিনিটে ৫০ বল খেলে তার ব্যাটে আসে ৯৭ রান। ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফেরা স্যামসন হাঁকান ১২ চার ও চার ছক্কা। সেঞ্চুরির আক্ষেপ হয়তো থাকতে পারে, তবে দল জেতাতে পারায় হয়তো সেই আক্ষেপ অনেকটাই কমে গেছে তার। তার এমন ইনিংসের দিনে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে তিলক ভার্মার ব্যাটে।
ভারতের জয় কঠিন করে তোলার দিনে জেসন হোল্ডার ও শামার জোসেফ শিকার করেন দুইটি করে উইকেট। এছাড়া ইকোনমিক্যাল বোলিং করেছেন ম্যাথু ফোর্ড। কোন উইকেট শিকার না করলেও তিন ওভারে তার খরচ ছিল মাত্র ২২ রান।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের প্রতিরোধের আগে অবশ্য ব্যাটাররা করেছিলেন কাজের কাজ। ভারতকে ছুঁড়ে দেয় চ্যালেঞ্জিং স্কোর। দুই ওপেনার শাই হোপ ও রোস্টন চেজ মিলে এনে দেন দারুণ শুরু। চেজ আগ্রাসী থাকলেও হোপ ছিলেন খোলসে আবদ্ধ। ৩৩ বলে ৩২ রান করেন অধিনায়ক হোপ। অন্যদিকে চেজ ২৫ বলে করেন ৪০ রান।
এরপর শিমরন হেটমায়ার ১২ বলে ২৭ রানের ঝড় তোলেন উইকেটে। শেষদিকে ১৯ বলে ৩৪ করেন রভম্যান পাওয়েল ও ২২ বলে ৩৭ করেন জেসন হোল্ডার। উইন্ডিজ ব্যাটারদের এমন দাপটের দিনে জসপ্রিত বুমরাহ ৩৬ রানে নেন তিন উইকেট। এছাড়া হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী শিকার করেন একটি করে উইকেট।
ভারতের জন্য উইন্ডিজ ম্যাচটি ছিল বাঁচা-মরার। জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল, এমন সমীকরণে মাঠে নামে দলটি। শেষ পর্যন্ত সাঞ্জু স্যামসনের অনবদ্য ইনিংসে ভর করে নিশ্চিত করে জয়। ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলে স্যামসন হন ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৯৫/৪, ২০ ওভার (চেজ ৪০, হোল্ডার ৩৭*; বুমরাহ ২/৩৬)।
ভারত:- ১৯৭/৫, ১৯.২ ওভার (স্যামসন ৯৭*, তিলক ২৭; হোল্ডার ২/৩৮)।
ফল: ভারত ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাঞ্জু স্যামসন।
সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল, ৪ মার্চ
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ভেন্যু: কলকাতা
দ্বিতীয় সেমিফাইনাল, ৫ মার্চ
ভারত-ইংল্যান্ড, ভেন্যু: মুম্বাই