বিশ্বকাপে নেই বাংলাদেশ। এ তো পুরোনো খবর। নতুন খবর আগামী ১১ মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। রাজশাহী ও বগুড়ায় সোমবার থেকে শুরু হতে যাওয়া বিসিএল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ইতোমধ্যে এর জন্য নিজেদের ব্যাট-বলে প্রস্তুতি শুরু করেছেন তারা।
বিশ্বকাপ না থাকায় কোচিং প্যানেলের সদস্যরা ছিলেন ছুটিতে। বিসিএল উপলক্ষে বিদেশি কোচিং স্টাফরা ইতোমধ্যে দেশে ফিরেছেন। হেড কোচ ফিল সিমন্সের পাশাপাশি দুই বোলিং কোচ শন টেইট ও মুশতাক আহমেদ ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশনে থাকা ক্রিকেটারদের তারা কাছ থেকে পর্যবেক্ষণ করবেন।
বিসিএলে চার দলের কোচিং প্যানেলের দায়িত্বে থাকছেন দেশি কোচিং স্টাফরা। তাদের সঙ্গে প্রয়োজনে ক্রিকেটারদের টিপস দেবেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যরা। এজন্য দুই ভেন্যুতেই জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যদের রেখেছে বিসিবি। রাজশাহীতে হেড কোচ ফিল সিমন্স ও শন টেইট দেখবেন ক্রিকেটারদের। আর বগুড়ায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে থাকবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পাশাপাশি মাঠে থাকবেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিসিএলের প্রথম ম্যাচে রাজশাহীতে মধ্যাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল। আর বগুড়ায় পূর্বাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। দিনের আলোয় গ্রুপপর্বের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।