জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সিলেটের বিপক্ষে ১১ জনকে দিয়ে বোলিং করিয়েছে ঢাকা। মিরপুরে দ্বিতীয় ইনিংসে দাপট দেখিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা অনেকটাই এড়িয়েছে রাজশাহী। তবে এই শঙ্কা আছে বরিশালের। তৃতীয় দিন সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর।
দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু রাজশাহীর
মিরপুরে প্রথম ইনিংসে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে লড়াই থেকে ছিটকে গিয়েছিল রাজশাহী। খুলনা প্রথম ইনিংসে ৪৮৪ রান করায় রাজশাহীর এক ইনিংসে হারার শঙ্কা দেখা দেয়। তবে দ্বিতীয় ইনিংসে উড়ন্ত সূচনা পাওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটেছে রাজশাহীর।
মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন হাবিবুর রহমান ও সাব্বির হোসেন। উদ্বোধনী জুটিতে ১২৬ রান যোগ করেন তারা। ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন হাবিবুর। আরেক ওপেনার সাব্বির করেন ৮৮ রান। তিনে নামা নাঈম আহমেদ করেন ৬৯ রান। রাজশাহী দিন শেষ করেছে ৩ উইকেটে ৩০০ রান করে। এখনো খুলনার চেয়ে ৬৫ রানে পিছিয়ে আছে তারা।
ঢাকার ১১ জনই বোলার
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ড্রয়ের পথে হাঁটছে সিলেট ও ঢাকা বিভাগের ম্যাচ। তিন দিনেও শেষ হয়নি ম্যাচের দ্বিতীয় ইনিংস। গতকাল ৬ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা। ২ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শুরু করা সিলেট তৃতীয় দিনটা শেষ করেছে ৫ উইকেটে ৪৩১ রান তুলে। সর্বোচ্চ ৮৯ রান করেন আসাদুল্লাহ আল গালিবের। ৮১ রান করে অপরাজিত আছেন আশরাফুল হাসান। এছাড়া অধিনায়ক জাকির হাসান ৬৫ এবং সৈকত আলী করেছেন ৬০ রান। ২ রানের জন্য ফিফটি পাননি মুবিন আহমেদ।
ব্যাটারদের দাপটের দিনে ঢাকার হয়ে বোলিং করেছেন ১১ জন। উইকেটকিপিং ছেড়ে অধিনায়ক মাহিদুল ইসলামও করেছেন ১ ওভার। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টুয়েন্টি মিলিয়ে খেলা ২৬৩ ম্যাচে এবারই প্রথম বল করলেন মাহিদুল। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে সপ্তমবার এক ইনিংসে ১১ বোলার বোলিং করলেন।
ময়মনসিংহের বিপক্ষে রংপুরের দাপট
সিলেট একাডেমি মাঠে ময়মনসিংহের বিপক্ষে প্রথম ইনিংসে ১২৭ রানের লিড নিয়েছিল রংপুর। তৃতীয় দিন ৬ উইকেটে ১৯৫ রান তুলে সেই লিড ৩২২ করেছে দলটি। ৭৪ রান করেছেন অধিনায়ক আকবর আলী।
৬ উইকেটে ১৮৩ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ প্রথম ইনিংসে অলআউট ২৯৫ রানে। ওপেনার খালিদ হাসান ৭২ এবং অলরাউন্ডার আবু হায়দার করেছেন ৫২ রান।
বরিশালের হার এড়ানোর লড়াই
কক্সবাজারে ইনিংস হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বরিশাল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান তুলে তৃতীয় দিন শেষ করা দলটি চট্টগ্রামের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে ১৪৫ রানে। বরিশাল অধিনায়ক ইফতেখার হোসেন করেছেন সর্বোচ্চ ৭৪ রান।
এর আগে ৪ উইকেটে ৪৭৯ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম অলআউট হয় ৫৭৬ রানে। ৯২ রান নিয়ে দিন শুরু করা ইরফান শুক্কুর এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন।