হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে খেলে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এটি শুধু একটি সিরিজ জয়ই নয়, বাংলাদেশ দলের জন্য আত্মবিশ্বাসের বড় জ্বালানিও। আর সেটি কাজে লাগিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও ভালো করতে চায় বাংলাদেশ। আজ চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। বেলা ২টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট সিপাহি মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল।
এ পর্যন্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া মোট ১১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে সাতটিতে জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের জয় চারটি। সর্বশেষ ২০২১ সালে ঢাকায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুদল। ওই সিরিজেই চার জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের তরতাজা স্মৃতি নিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে অভিযানে নামবে তারা। এবারও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড, প্যাট কামিনস, জস হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরুন গ্রিন খেলছেন না। তাদের তারুণ্য দলের নেতৃত্বে আছেন মিচেল মার্শ। ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি তারা। টি-টোয়েন্টিও মার্শদের জন্য বড় আতঙ্কের নাম তাসকিন, মোস্তাফিজ,নাহিদ রানা ও শরিফুলরা। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পারভেজ হোসেন ইমনও অসুস্থ। তাই প্রথম ম্যাচের আগের দিন হঠাৎ করেই দলে যুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করে লিটন জানালেন, ‘যেহেতু আমি ফিফটি ফিফটি, জানি না কী হতে পারে, আগামীকাল (আজ) পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইমনেরও একটু অসুস্থতা আছে। এ কারণে আমরা ঝুঁকি নিতে চাইনি।’
ফরম্যাট বদলালেও সিরিজ জয়ের অভিন্ন লক্ষ্য বাংলাদেশের। লিটন বলেন, ‘সিরিজ জয়ের জন্য সবার আত্মবিশ্বাস আছে। তবে নির্দিষ্ট দিনে খুব ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।’ ওয়ানডে সিরিজ জয়ই বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসী করে তুলছে। লিটন বলেন, ‘শুধু সিরিজ জিতেছি তা নয়, তিন ম্যাচেই খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা বাড়তি পাওয়া। অবশ্যই সংস্করণ ভিন্ন, আমাদের দল ভিন্ন এবং ওদের দলও ভিন্ন। একটা ভালো দিক হলো, আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে ক্রিকেট খেলেছে।’

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় নারী ক্রিকেট দল

২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ