জোহানেসবার্গে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাস্তবতা মানছেন। আর এ কারণেই নিজেদের পিছিয়ে রাখছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, দলের বোর্ডে পর্যাপ্ত রানের ঘাটতি রয়েছে। তবে ম্যাচের বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর আশাবাদী লাল-সবুজের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'এখন যে অবস্থা, আমাদের মনে হয় ভালো রান নেই বোর্ডে। ১২০ রানের মতো বেশি। তবে যদি সকাল সকাল ২-৩টি উইকেট নিতে পারি, তবে ভিন্ন দৃশ্য হবে। না পারলে, কষ্ট করতে হবে। খেলা যেন লম্বা হয়। রান যেন না লিক করি। এটাই টার্গেট থাকবে আমাদের।'
উইকেটের আচরণ ও বোলারদের কার্যকারিতা নিয়ে লিটন জানান, পেসারদের অতিরিক্ত ব্যাক অব দ্য লেংথ বা শর্ট বল না করে সঠিক লেংথে বল করার ওপর জোর দিতে হবে। বিশেষ করে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিং বৈচিত্র্য নিয়ে বলতে গিয়ে তিনি জানান, হাসানের পেস কিছুটা কম হলেও স্মুথ রানআপের কারণে নিয়ন্ত্রণ বেশি থাকে, যা এই উইকেটে বেশ কার্যকরী।
উইকেটের আচরণ, আগামী দিনের গেমপ্ল্যান নিয়ে লিটন জানান, ‘আমাদের গেমপ্ল্যান এখন, আরও উইকেট নিতে হবে। তাদের অলআউট করতে হবে। সেই সঙ্গে রানও বেশি দেওয়া যাবে না। বেশি রান দিলে লিড অনেক বেশি হয়ে যাবে। হাসান-তাসকিনে পার্থক্য একটাই- হাসানের পেস কম। স্মুথ রানআপ আছে। যে কারণে কন্ট্রোল অনেক বেশি। উইকেট পেলে দেখবেন ডেলিভারি সামনের দিকেই রাখে। তাসকিন-ইবাদত জোরের ওপর বোলার। হার্ড লাইনে বেশি বল করতে হয়। এই উইকেট এমন ছিল না যে ব্যাক অব দ্যা লেন্থে বল করলে বেশি উইকেট পাওয়া যাবে। তাদের পেস বোলাররা বা আমাদের বোলাররাও যখন ব্যাক অব দ্যা লেন্থে বল করেছে, খেলা সহজ ছিল।’
দলের কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করা প্রসঙ্গে লিটন আরও বলেন, 'বিপদে থাকা এক জিনিস, সুযোগ আরেক জিনিস। দল চাপে থাকলে আমার কাছে মনে হয় অপরচুনিটি। আমি এটা করতে পেরে খুশি। আমি চাই ভবিষ্যতে যেন বারবার বিপদে যখন পড়ে আমি হ্যান্ডেল করতে পারি। একটাই ভাবনা থাকে রান যেন করতে পারি। রান করলে ভালো লাগে। রানের জন্যই খেলি আরকি।'
আজ তৃতীয় দিনে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে লিড বড় হওয়া আটকানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।