হোম > খেলা > ক্রিকেট

ব্যর্থতার পাঁচকাহন

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন নিয়েই উড়াল দিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে জয়ের লড়াইয়ের বার্তাও দিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু শুরুটা যত সুন্দর হয়েছিল, শেষটা হলো ততই বিব্রতকর। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে ৯ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং-বোলিংয়ের এই ব্যর্থতায় আলাদা করে চোখে পড়েছে পাঁচ ক্রিকেটারের পারফরম্যান্স। মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন উপহার দিয়েছেন ‘ব্যর্থতার পাঁচকাহন’।

মুমিনুলের দুই ইনিংসে এক রান

প্রথম ইনিংসে সাত বল খেলে শূন্য, দ্বিতীয় ইনিংসে তিন বলে এক রান। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মুমিনুলের সংগ্রহ মাত্র এক রান। অথচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু প্রথম ইনিংসে সাত বল খেলে কোনো রান না করেই কাগিসো রাবাদার বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে সে প্রত্যাশায় পানি ঢেলে দেন মুমিনুল। শুরুতেই তার বিদায় বাংলাদেশের ব্যাটিংয়ে চাপ বাড়ায়। দ্বিতীয় ইনিংসেও পরিস্থিতির উন্নতি হয়নি। দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিডের বোঝা নিয়ে ব্যাট করতে নেমে দল যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এক রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এবারও রাবাদার বলে বোল্ড। অভিজ্ঞতার বিচারে এমন ব্যর্থতা শুধু ব্যক্তিগত নয়, দলের জন্যও বড় ধাক্কা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ার সময় তার উইকেট হারানো বাংলাদেশের বিপদ আরো বাড়িয়েছে।

পরিসংখ্যান : প্রথম ইনিংস ০ (৭), দ্বিতীয় ইনিংস এক (৩); মোট এক রান, ১০ বল।

শান্তর ব্যাটে প্রতিরোধ নেই

দলের ব্যাটিং বিপর্যয়ে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নাজমুল হোসেন শান্তর। কিন্তু ব্যাট হাতে দুই ইনিংসেই হতাশ করেছেন তিনি। প্রথম ইনিংসে ২৩ বলে ১২ রান করে ফিরেছেন কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে। ৪০০ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ তখন মাত্র ২২। তৃতীয় উইকেট হিসেবে শান্তর বিদায়ে শুরুতেই চাপে পড়ে দল। দ্বিতীয় ইনিংসে শান্তর কাছে প্রত্যাশা ছিল আরো বেশি। দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিড পেরিয়ে ম্যাচে ফেরার জন্য তার একটি বড় ইনিংস প্রয়োজন ছিল। কিন্তু ৪২ বল খেলে ১১ রানে থেমে ব্যর্থতার ষোলকলা পূরণ করেছেন অধিনায়ক। অর্থাৎ, দুই ইনিংসেই শুরুতে উইকেট হারিয়ে দলকে বিপদে ফেলেছেন অধিনায়ক। দুই ইনিংস মিলিয়ে ৬৫ বলে ২৩ রান। একজন টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য এমন পরিসংখ্যান হতাশাজনক।

পরিসংখ্যান : প্রথম ইনিংস ১২ (২৩), দ্বিতীয় ইনিংস ১১ (৪২); মোট ২৩ রান, ৬৫ বল।

মুশফিকের ব্যাটে অভিজ্ঞতার প্রতিফলন নেই

বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে অভিজ্ঞ মুখ মুশফিকুর রহিম। কঠিন পরিস্থিতিতে তার কাছ থেকেই সাধারণত দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা থাকে। কিন্তু জোহানেসবার্গে প্রথম ইনিংসে সেই দায়িত্বের ছিটেফোঁটাও দেখা যায়নি। মাত্র এক বল খেলে শূন্য রানে ফিরেছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ১২১। তাওহিদ হৃদয় ও লিটন দাসের বড় জুটির আগে মুশফিকের এমন বিদায় সাময়িকভাবে চাপে ফেলেছিল দলকে। সাইমন হারমারের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা লড়াই করেছেন। ৬২ বলে ২২ রান করেছেন, মেরেছেন চারটি চার। কিন্তু সেটিও দলের প্রয়োজনের তুলনায় সামান্য। ১৩৪ রানে লিটন দাসের বিদায়ের পর মুশফিকের সঙ্গে মিরাজের জুটি থেকে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ১৬০ রানে সপ্তম উইকেট হিসেবে মুশফিকের বিদায়ে সেই প্রতিরোধ ভেঙে যায়। দলের বিপদের মুহূর্তে তার ব্যাট থেকে বড় রান না আসা পরাজয়ের অন্যতম কারণ।

পরিসংখ্যান : প্রথম ইনিংস ০ (১), দ্বিতীয় ইনিংস ২২ (৬২); মোট ২২ রান, ৬৩ বল।

ব্যাটে-বলে ব্যর্থ মিরাজ

বাংলাদেশের অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রাখার সামর্থ্য আছে তার। কিন্তু জোহানেসবার্গ টেস্টে সেই সামর্থ্যের যথাযথ প্রতিফলন দেখা যায়নি। প্রথম ইনিংসে ১৬ বলে করেছেন ১০ রান। ৩৫৯ রানে সপ্তম উইকেট হিসেবে তার বিদায়ের সময় বাংলাদেশ ভালো অবস্থানে ছিল। হৃদয় ও লিটনের সেঞ্চুরিতে দল তখন বড় সংগ্রহের পথে। কিন্তু দ্বিতীয় ইনিংসে অতিব প্রয়োজনের সময় ৩১ বলে ১৫ রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। সাইমন হারমারের বলে স্টাম্পিং হয়ে যান মিরাজ। দুই ইনিংস মিলিয়ে ৪৭ বলে ২৫ রান। বোলিংয়েও প্রত্যাশা পূরণ হয়নি। প্রথম ইনিংসে ৩৫.২ ওভারে ১৬৫ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে এক ওভারে এক রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সব মিলিয়ে উইকেট তিনটি হলেও প্রথম ইনিংসে রান খরচের পরিমাণ ছিল বেশি।

পরিসংখ্যান : প্রথম ইনিংস ১০ (১৬), দ্বিতীয় ইনিংস ১৫ (৩১); মোট ২৫ রান, ৪৭ বল। বোলিং : ৩৬.২ ওভার, চার মেইডেন, ১৬৬ রান, তিন উইকেট।

নিষ্প্রভ ইবাদত, প্রতিরোধেও ব্যর্থ

পেস আক্রমণে ইবাদত হোসেনের কাছে প্রত্যাশা ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের চাপে রাখা। কিন্তু প্রথম ইনিংসে সে কাজটি খুব একটা করতে পারেননি তিনি। ১৪.১ ওভার বল করে দিয়েছেন ৬০ রান, উইকেট পেয়েছেন মাত্র একটি। মেইডেন দুটি। তার একমাত্র শিকার ছিলেন দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটসম্যান ডেন পিটারসন। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুই করার ছিল না এই পেসারের। কেননা, দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল মাত্র ১২ রান। বল করার সুযোগ পেয়েছেন মাত্র তিনটি। ওই অর্ধেক ওভারে দিয়েছেন ৯ রান! সব মিলিয়ে দুই ইনিংসে ১৪.৪ ওভার বল করে ৬৯ রান দিয়েছেন, উইকেট একটি, মেইডেন দুটি। পেসার হিসেবে কার্যকরী বোলিং করতে না পারার ব্যর্থতার দায় থাকছেই এবাদতের।

পরিসংখ্যান : প্রথম ইনিংস ১৪.১ ওভার, দুই মেইডেন, ৬০ রান, এক উইকেট। দ্বিতীয় ইনিংস ০.৩ ওভার, ০ মেইডেন, ৯ রান, ০ উইকেট। মোট ১৪.৪ ওভার, দুই মেইডেন, ৬৯ রান, এক উইকেট।

ভারতের বিপক্ষে তিন ফরম্যাটেই সেঞ্চুরি, বিরল কীর্তি ফিলিপসের

ছোট পর্দায় লাল বলের লড়াইয়ের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

এক ইনিংসে ঝলক, পরের দফায় ধস

বুমরাহর আগুনে শুরু, অতঃপর নিকোলস-ফিলিপসের প্রতিরোধ

পাকিস্তানের সামনে জয়ের হাতছানি

শুরুতেই হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ ‘এ’ দল

হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজছেন শান্ত

৪০০ রান টপকে জিতে উচ্ছ্বসিত বাভুমা

লর্ডসে নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

জোহান্সবার্গে হার এড়াতে পারল না বাংলাদেশ