অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জয়ের ছন্দে রয়েছে বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দল। এবার নর্দান টেরিটোরি স্ট্রাইকের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে তারা। এই ম্যাচে ম্যাজিক্যাল পারফরম্যান্স প্রদর্শন করেন স্পিনার মোহাম্মদ রুবেল। ২১ রানে ৫ উইকেট নেন তিনি। এ নিয়ে টুর্নামেন্টে ৬ ম্যাচে ২০ উইকেট শিকার করলেন রুবেল। অন্যদিকে ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাব্বির রহমান। তার ব্যাট থেকে আসে ৪৭ রান।
এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে এইচপি দল। ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতল তারা। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের দলটি। একই ভেন্যুতে পরশু সেমিফাইনাল ম্যাচ রয়েছে এইচপি দলের।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে নর্দান টেরিটোরি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে তারা। তাদের পক্ষে জর্ডান সিল্ক সর্বোচ্চ ৩১ রান করেন। ম্যাট হ্যামন্ড করেন ২৬ রান। আর ২৫ রান আসে ক্যালে ম্যাকমোহনের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ৩০ বছর বয়সি অফস্পিনার রুবেল ৫ উইকেট নেন।
১৪৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। আরিফুল হক (১০) ও হাবিবুর রহমান সোহান (২২) দ্রুত বিদায় নেন। তবে তিনে নামা সাব্বির বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যান। মধ্যে শামীম পাটোয়ারী (১১), অধিনায়ক ইরফান শুক্কুর (১৭) ও এসএম মেহরব (৮) দ্রুত বিদায় নিলেও অবিচল ছিলেন সাব্বির। টানা দ্বিতীয় ফিফটির খুব কাছাকাছি গিয়ে ৩৭ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৭ রান করে সাব্বির আউট হন। শেষ দিকে সামিউন বশিরের ৮ বলে ১৭ এবং পেসার আব্দুল গাফফার সাকলাইনের বাউন্ডারিতে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি দল।