এক সময় বদলি খেলোয়াড় মানেই ছিল ক্লান্ত পা বদলানোর উপায়। এখন তারা ম্যাচের গল্পের শেষ অধ্যায়ের লেখক। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে বারবার দেখা গেছে বেঞ্চে বসে থাকা ফুটবলাররাই শেষ বাঁশির আগে ভাগ্য বদলে দিয়েছেন—কখনো একটি গোল করে, কখনো একটি অ্যাসিস্টে, কখনোবা মাত্র কয়েক মিনিটের উপস্থিতিতেই। এবারের বিশ্বকাপের অন্যতম বড় শিক্ষা; শুরুর একাদশ যতটা গুরুত্বপূর্ণ, শেষের তাসটিও ততটাই মূল্যবান। আধুনিক ফুটবলে ‘সুপার সাব’ আর শুধু অলঙ্কার নয়, অনেক দলের সবচেয়ে কার্যকর অস্ত্রও।
ফুটবলের সবচেয়ে সুন্দর দৃশ্যটা শুরু হয় তখনই, যখন সবাই ভাবে গল্প শেষ হয়ে এসেছে। বেঞ্চে বসে থাকা সেই নীরব মুখগুলো যেন সময়ের অপেক্ষায় থাকে। সুযোগ মিললেই তারা হয়ে ওঠে শেষ দৃশ্যের নায়ক; যাদের এক স্পর্শে বদলে যায় ভাগ্য, এক মুহূর্তে বদলে যায় ইতিহাসের ভাষ্য।
সবচেয়ে আলোচিত নাম অবশ্যই লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকেই বিশ্রামে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তখন ২-১ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৮২ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। শুধু স্কোরলাইনই নয়, এই গোলে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন মেসি। এ ম্যাচেই দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমিয়ে দেন। তখন পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা হঠাৎই চাপে পড়ে যায়। এক ম্যাচেই দুই বদলি খেলোয়াড়ের গোল—একজন আশা জাগিয়েছেন, আরেকজন সে আশার দরজা বন্ধ করেছেন। কয়েক মিনিটের ব্যবধানেই আনন্দ আর আক্ষেপের মধ্যকার দূরত্ব কতটা ক্ষীণ হতে পারে, বিশ্বকাপ আবারও তা মনে করিয়ে দিল।
জার্মানির বেঞ্চও আসরের আলোচিত নাম। স্ট্রাইকার ডেনিজ উনদাভ গ্রুপ পর্বে বদলি হিসেবে নেমে গোল ও অ্যাসিস্ট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। প্রথম দুই ম্যাচেই বেঞ্চ থেকে নেমে তিন গোল ও দুই অ্যাসিস্ট করে বিশ্বকাপের সবচেয়ে কার্যকর ‘সুপার সাব’-এ পরিণত হন। বিশ্বকাপ ইতিহাসে বদলি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোল-অবদানের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। বদলি হিসেবে এত কম সময়ে পাঁচটি গোল-অবদানের নজির ১৯৯০ সালের পর আর কেউ গড়তে পারেননি।
সুইডেনের মিডফিল্ডার মাতিয়াস সানবার্গ যেন বদলি খেলোয়াড়ের সংজ্ঞাই নতুন করে লিখেছেন। তিউনিসিয়ার বিপক্ষে ৮৪ মিনিটে মাঠে নেমে মাত্র ১৮ সেকেন্ডের মাথায় গোল করেন। বিশ্বকাপ ইতিহাসে এটি বদলি খেলোয়াড়ের করা দ্বিতীয় দ্রুততম গোল। তার সে গোলেই সুইডেনের বড় জয় আরো জোরালো হয়। এই ১৮ সেকেন্ড ফুটবলের সময়ের কাঁটায় হয়ে উঠেছে মাতিয়াসের আজীবনের পরিচয়।
বদলি খেলোয়াড়দের প্রভাব শুধু গোলেই সীমাবদ্ধ ছিল না। ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে চোট কাটিয়ে ফিরেছিলেন নেইমার। শুরু থেকে খেলাননি কোচ কার্লো আনচেলত্তি। শেষ ১৫ মিনিটের জন্য তুলে রাখা হয়েছিল তাকে। সেই অল্প সময়েই ব্রাজিলের আক্রমণে গতি আসে, তৈরি হয় একের পর এক সুযোগ। নকআউটের আগে আনচেলত্তির কাছে নেইমার যেন হয়ে ওঠেন ‘ট্রাম্পকার্ড’—যে অস্ত্রটি প্রয়োজনমতো বের করা যায়। নেইমারের প্রত্যাবর্তন ছিল যেন দীর্ঘ নীরবতার পর হঠাৎ বেজে ওঠা এক পরিচিত সুর—যা পুরো স্টেডিয়ামের আবহ বদলে দিয়েছে, হোক সেটা কয়েক মিনিটের জন্য। নেদারল্যান্ডসের হয়ে ব্রায়ান ব্রোবে সুযোগ পেয়েই আক্রমণে নতুন গতি এনে দিয়েছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচে শেষ আধঘণ্টায় বদলি খেলোয়াড়দের গতি ও সতেজতা প্রতিপক্ষের ক্লান্ত রক্ষণ ভেঙে দিয়েছে।
এ বিশ্বকাপ আরো একটি বাস্তবতা সামনে এনেছে। পাঁচ বদলির নিয়ম এখন কোচদের কৌশলগত অস্ত্র। ম্যাচের প্রথম একাদশ দিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে শেষ ৩০ মিনিটে বেঞ্চ থেকে নামানো হচ্ছে দ্রুতগতির বা সৃজনশীল ফুটবলারদের। ফলে ম্যাচের শেষভাগেই গোলের সংখ্যা বাড়ছে। গ্রুপ পর্বের পরিসংখ্যানও বলছে, দ্বিতীয়ার্ধের যোগ করা সময় গোলের জন্য সবচেয়ে উর্বর সময়গুলোর একটি। আধুনিক ফুটবলে তাই বেঞ্চ আর অপেক্ষার জায়গা নয়, পরিকল্পনার কেন্দ্রবিন্দু। অনেক কোচই এখন জানেন ম্যাচের ভাগ্য লেখা হয় কেবল শুরুর বাঁশিতে নয়, শেষ মুহূর্তেও।
সামনে নকআউট। এখানে একটি ভুল, একটি মুহূর্ত কিংবা একটি বদলিই নির্ধারণ করবে ভাগ্য। অতিরিক্ত সময়ের সম্ভাবনা থাকায় বেঞ্চের গুরুত্ব আরো বেড়ে যাবে। ফিটনেস, গতি, মানসিক দৃঢ়তা; সব মিলিয়ে সুপার সাবরাই হতে পারেন শেষ পর্যন্ত ট্রফি জয়ের পথে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়া ফুটবলার।
বিশ্বকাপের আলো সবচেয়ে উজ্জ্বল হয় শেষ বাঁশির আগে। সে আলোয় অনেক সময় শুরুর নায়করা আড়াল হয়ে যান, সামনে চলে আসেন অপেক্ষিত কেউ। তারা ইতিহাস প্রমাণ করেছেন—মহাকাব্যের শেষ লাইনটিই অনেক সময় হৃদয়ে গেঁথে থাকে।
বিশ্বকাপ তাই আবারও মনে করিয়ে দিচ্ছে—সব নায়ক শুরু থেকেই মাঠে নামেন না। কেউ কেউ বেঞ্চে বসেই অপেক্ষা করেন, ঠিক সে মুহূর্তটির জন্য, যখন একটি স্পর্শ, একটি পাস কিংবা একটি শটেই বদলে যাবে পুরো ম্যাচের গল্প।