হোম > খেলা > ফুটবল

চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে ক্ষুব্ধ এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত খেলে যাচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদকে গোলের পর গোল উপহার দিয়ে যাচ্ছিলেন। তবে ফরাসি ফরোয়ার্ডের উড়ন্ত ফর্মটা থামিয়ে দিয়েছে হাঁটুর চোট। আর এই চোটের দেখভালটা নাকি ঠিকঠাক করতে পারছে না রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম। তাতে যারপরনাই ক্ষুব্ধ স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির তারকা ফরোয়ার্ড।

রিয়ালের মেডিকেল টিম এমবাপ্পের চোটের কোনো সুরাহা করতে পারেনি। এ কারণে শতভাগ ফিটনেস ফিরে পেতে পা রেখেছেন নিজের প্রিয় জন্মভূমি ফ্রান্সে। গত সপ্তাহে ফ্রান্সে গিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেন এমবাপ্পে। ডিসেম্বরে হানা দেওয়া বাঁ হাঁটুর ইনজুরি এখনো পিছু ছাড়েনি তার। এই চোটের জন্য চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ছিলেন না বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।

চোট কোনো কিছুতেই না সারলেও ফ্রান্সে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে গেছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদও তাকে ফ্রান্স ভ্রমণের অনুমতি দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের পারফরম্যান্সের ওপর একেবারেই অসন্তুষ্ট। তার মতে, গত তিন মাসে ইনজুরি সমস্যার কার্যকর সমাধান দিতে পারেনি রিয়াল।

ইনজুরির কারণে মাঠে পারফরম্যান্সে বাজে প্রভাব পড়ছে। শুধু তা-ই নয়, মাঠের বাইরে দর্শক হয়ে থাকতে হচ্ছে এমবাপ্পেকে। এমবাপ্পের দৃঢ় বিশ্বাস, ক্লাবের বাইরে থেকে অন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তার চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করবে। এমবাপ্পের ইনজুরির ধরনও নিশ্চিত নয়। এখন এমবাপ্পের প্রধান লক্ষ্য হাঁটুর চোটের মূল কারণ চিহ্নিত করে তার সমাধান করা এবং মৌসুমের গুরুত্বপূর্ণ অংশে দলের হয়ে মাঠের লড়াইয়ে ফেরা।

৭ ডিসেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে এমবাপ্পে ইন্টার্নাল ল্যাটারাল লিগামেন্টে সমস্যায় পড়েন। তবে নতুন করে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের সমস্যাও ধরা পড়তে পারে তার। চোটের সঠিক অবস্থান নির্ধারণ করা গেলে আরো আগেই চিকিৎসা সম্ভব হতো। সেটা না হওয়ায় শেষমেশ মাদ্রিদ ছেড়ে নিজ দেশেই পরামর্শ নেওয়াটাকে সঠিক বলে মনে করছেন এমবাপ্পে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমবাপ্পের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রথম লেগের ম্যাচ মাঠে গড়াবে ১১ মার্চ। আর ফিরতি লেগের খেলা হবে ১৮ মার্চ। রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষের প্রত্যাশা, দলের আক্রমণভাগের প্রাণভোমরা দ্বিতীয় লেগের আগেই শতভাগ ফিটনেস ফিরে পাবেন। তবে ফরাসি তারকার মাঠে ফেরার সময় এখনো অনিশ্চিত। শেষ পর্যন্ত হাঁটুতে অস্ত্রোপচার করতে হলে তার মাঠে ফেরার সময় আরো দীর্ঘ হবে।

চলতি মৌসুমে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৬ ম্যাচ খেলে গোল পেয়েছেন ৩৯টি। সঙ্গে সতীর্থদের পাঁচটি গোলে সহায়তা করেছেন এমবাপ্পে। লা লিগায় ২৩ গোল করে গোলদাতাদের তালিকায় রয়েছেন সবার ওপরে। চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ২৭ বছরের এই মহাতারকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৮ ম্যাচে গোল করেছেন ১৩টি।

ইরান ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, চাপে বিশ্বকাপ আয়োজকরা

ম্যাচ জিতল চীন, বাংলাদেশ হৃদয়

দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ

রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের রাত

দারুণ জয়ে শুরু উত্তর কোরিয়ার

চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা

শক্তিশালী চীনের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

সেরাটা চান বাফুফে সভাপতি

সতর্ক চীনের কোচ মিলিচিচ