কিশোর বয়সেই লামিন ইয়ামাল যে উচ্চতায় পৌঁছে গেছেন, সেটিকে বিরল বলছেন সাবেক ইংলিশ তারকা স্টিভ ম্যাকম্যানামান। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক এই উইঙ্গারের চোখে, ১৭ বছর বয়সী ইয়ামাল এই বয়সের মেসি কিংবা মাইকেল ওয়েনের চেয়েও এগিয়ে।
স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকম্যানামান ইয়ামালকে ইতিমধ্যে বৈশ্বিক তারকা হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে আরও পরিণত হলে বার্সেলোনার এই তরুণের সামর্থ্য আরও বাড়বে।
তবে প্রশংসার পাশাপাশি ইয়ামালের শারীরিক সুরক্ষা নিয়েও সতর্ক করেছেন তিনি। অতিরিক্ত ম্যাচ খেলার কারণে গাবি ও পেদ্রির মতো তরুণরা চোটে পড়েছেন উল্লেখ করে ম্যাকম্যানামান বলেন, অল্প বয়সে দলের মূল খেলোয়াড় হয়ে অতিরিক্ত ম্যাচ খেলা কঠিন।
এদিকে বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে থাকা রোনাল্ড আরাউহোরও প্রশংসা করেছেন সাবেক এই ইংলিশ ফুটবলার। প্রিমিয়ার লিগে আরাউহো সফল হবেন বলে আশাবাদী তিনি।