ভাইকিংয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি বায়ার্ন মিউনিখ। তবে ব্যক্তিগত অর্জনে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন হ্যারি কেইন। নরওয়ের ক্লাবটির বিপক্ষে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ইংলিশ স্ট্রাইকার।
মঙ্গলবার রাতে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করার মধ্য দিয়ে ৩০ বছর পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে কেইনের গোলসংখ্যা দাঁড়ায় ৩৬। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ৪০ ম্যাচে গোলগুলো করেছেন। একই বয়সসীমায় মেসির গোল ৩৫, যা এসেছে ৪৮ ম্যাচে।
তবে এই তালিকায় কেইনের সামনে এখনো রয়েছেন তিন কিংবদন্তি। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে করিম বেনজেমার গোল ৩৭টি, রবার্ট লেভানডোভস্কির ৬৪ এবং সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদোর ৬৮। বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে বেনজেমাকে ছাড়িয়ে যেতে পারেন কেইন। তবে লেভানডফস্কি ও রোনালদোকে পেছনে ফেলা হবে বড় চ্যালেঞ্জ।
চ্যাম্পিয়নস লিগে টানা নবম ম্যাচে গোল করেছেন কেইন। একই কীর্তি আছে লেভানডফস্কি ও রুদ ফন নিষ্টলরয়ের। টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার রেকর্ডটি ধরে রেখেছেন রোনালদো। সেই রেকর্ড ছুঁতে কেইনকে আরও দুই ম্যাচে গোল করতে হবে, আর ছাড়িয়ে যেতে হলে গোল করতে হবে টানা তিন ম্যাচে।
বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই ইউরোপসেরার আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল। বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। চলতি মৌসুমেও ৯ ম্যাচে তাঁর গোল আটটি। এমন পারফরম্যান্স তাঁকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার করে তুলেছে।