হোম > খেলা > ফুটবল

ফ্রান্সের ফুটবলারকে নিয়ে শক্তি বাড়াল মরক্কো

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে নিজেদের আরো শক্তিশালী রূপে হাজির করার প্রস্তুতি নিচ্ছে মরক্কো। সে লক্ষ্যেই বড় এক সাফল্য পেল উত্তর আফ্রিকার দেশটি। ফ্রান্সের বয়সভিত্তিক দলের সাবেক অধিনায়ক আইয়ুব বুয়াদি এবার আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। ১৮ বছর বয়সি প্রতিভাবান এই মিডফিল্ডারের ক্রীড়া জাতীয়তা পরিবর্তনের আবেদনও অনুমোদন করেছে ফিফা।

ফ্রান্সে জন্ম নেওয়া বুয়াদি দীর্ঘদিন ধরে দেশটির বয়সভিত্তিক দলে খেলেছেন। এমনকি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কত্বও করেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে নিজের ভবিষ্যৎ গড়তে শেষ পর্যন্ত বেছে নিয়েছেন পূর্বপুরুষের দেশ মরক্কোকে।

রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার বুয়াদির আবেদন অনুমোদন করেছে। ফলে এখন থেকে মরক্কোর হয়ে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে কোনো বাধা থাকছে না তার সামনে।

ফরাসি ক্লাব লিলের হয়ে ইতোমধ্যে নিজেকে অন্যতম প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বুয়াদি। বয়স মাত্র ১৮ হলেও গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। মাত্র ১৬ বছর তিনদিন বয়সে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় মাঠে নেমে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ডও গড়েছিলেন এই তরুণ। দ্বৈত নাগরিকত্ব থাকা খেলোয়াড়দের নিজেদের দলে টানতে সাম্প্রতিক বছরগুলোয় বেশ সক্রিয় মরক্কো। সম্প্রতি ফ্রান্সে জন্ম নেওয়া ডিফেন্ডার ইসা দিওপকেও জাতীয় দলে অন্তর্ভুক্ত করে তারা। একই পথে হেঁটেছেন আয়াক্সের তরুণ ফুটবলার এবং সাবেক বেলজিয়াম অনূর্ধ্ব-১৯-এর অধিনায়ক রায়ানে বুনিদাও।

২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। এবার সে সাফল্যকে আরো বড় উচ্চতায় নিতে চাইছে আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজদের দল। খুব শিগগির ২০২৬ বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে মরক্কো ফুটবল ফেডারেশন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে বিশ্বকাপের ২৩তম আসর। গ্রুপ ‘সি’-তে মরক্কোর প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, হাইতি ও স্কটল্যান্ড।

থাইল্যান্ডে মেয়েদের প্রস্তুতি ক্যাম্পে তাবিথ

রবি আজিয়াটা চ্যাম্পিয়ন

লিভারপুলকে দুঃস্বপ্নে ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

বিশ্বকাপের হাজারতম ম্যাচে মুখোমুখি জাপান-তিউনিসিয়া

কোচ নিয়োগে দুই-তিন দিন সময় নিচ্ছে বাফুফে

ক্ষুব্ধ ইসরাইলি মন্ত্রীকে স্পেন প্রধানমন্ত্রীর কড়া বার্তা

শাকিরার কণ্ঠে প্রকাশ পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন কিংস

‘বাংলাদেশ এখন ২০ উইকেট নেওয়ার দল’, টেস্ট দলের বড় পরিবর্তন দেখছেন মুশফিক

জয়েও সমর্থকদের মন গলছে না, বার্নাব্যুতে এমবাপ্পেকে দুয়ো