বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠের বাইরের সংঘাতের রেশ এখনো কাটেনি আর্জেন্টিনার। স্পেনের বিপক্ষে ফাইনালের পরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় লিওনেল পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফিফার আপিল কমিটি। তবে আর্জেন্টিনার আরেক ফুটবলার নাহুয়েল মোলিনার শাস্তি সাত ম্যাচ থেকে কমিয়ে চার ম্যাচ করা হয়েছে।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় পারেদেসের বিরুদ্ধে স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা দেওয়া এবং গাভির সঙ্গে সংঘাতে জড়ানোর অভিযোগ ওঠে। অন্যদিকে স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় রদ্রিকে ঘুষি মারার ঘটনায় শাস্তি পান মোলিনা।
গত আগস্টে ফিফার শৃঙ্খলা কমিটি পারেদেসকে ১০ ম্যাচ এবং মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করে। দুজনকেই ৯০ হাজার ডলার করে জরিমানাও করা হয়েছিল। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। তবে আপিল কমিটি পারেদেসের শাস্তি অপরিবর্তিত রেখেছে। তার ৯০ হাজার ডলার জরিমানাও বহাল রয়েছে। মোলিনার নিষেধাজ্ঞা কমানোর পাশাপাশি তার জরিমানা ৯০ হাজার থেকে কমিয়ে ৬০ হাজার ডলার করা হয়েছে।
এএফএ জানিয়েছে, পারেদেসের শাস্তি এবং বৈষম্যমূলক সমর্থক-আচরণের ঘটনায় আরোপিত জরিমানার বিরুদ্ধে তারা ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফিফার পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেবে সংস্থাটি।