হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তের গোলে মেসির মিয়ামির বিদায়

স্পোর্টস ডেস্ক

শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে প্লে-অফে নেমেছিল ইন্টার মিয়ামি। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নের সমাধি হলো যোগ করা সময়ের এক গোলে। কলম্বাস ক্রুর মাঠে ১-০ ব্যবধানে হেরে এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে লিওনেল মেসির দল। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেও ৩-০ গোলে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে দুই ম্যাচেই শেষ হয়ে গেল তাদের শিরোপা অভিযান।

শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় স্কটসমিরাকল-গ্রো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। নির্ধারিত ৯০ মিনিটে কেউই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, ম্যাচটি হয়তো অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটেই সব হিসাব পাল্টে দেন কলম্বাসের সান্তিয়াগো রদ্রিগেস। গোলমুখে তৈরি হওয়া জটলার মধ্যে কাছ থেকে দারুণ ভলিতে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে ১৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের মধ্যে উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হন আর্জেন্টাইন অধিনায়ক। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে জার্মান বেরতেরামের সামনে সুযোগ এসেছিল। কিন্তু কাছ থেকে নেওয়া তাঁর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এই জয়ে টানা আট ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল কলম্বাস। অন্তর্বর্তীকালীন কোচ লরাঁ কুর্তোয়ার অধীনে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে দলটি। মৌসুমের মাঝপথে কোচ হেনরিক রিদস্ত্রম বরখাস্ত হওয়ার সময় ইস্টার্ন কনফারেন্সের তলানিতে ছিল তারা। এরপর শেষ নয় ম্যাচের আটটিতে জিতে প্লে-অফে জায়গা করে নেয় কলম্বাস। এবার বিদায় করল বর্তমান চ্যাম্পিয়নদেরও।

২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর দ্বিতীয়বার প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ল মিয়ামি। ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে তিন ম্যাচের সিরিজে হেরেছিল তারা। তবে এবার প্রথমবারের মতো মাত্র দুই ম্যাচেই শেষ হলো তাদের প্রথম রাউন্ডের লড়াই।

ব্যক্তিগতভাবে অবশ্য দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন মেসি। ২০২৬ মৌসুম শেষ করেছেন ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট নিয়ে। জিতেছেন এমএলএসের গোল্ডেন বুটও। দলের বিদায়ের পর এখন আলোচনায় তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা।

২০২৭ মৌসুমে এমএলএসের সংক্ষিপ্ত আসরের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও লিগস কাপে খেলবে মিয়ামি। নিয়মিত মৌসুমের পারফরম্যান্সের সুবাদে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা পেয়েছে তারা। ১৯ ফেব্রুয়ারি এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এমএলএস অভিযান শুরু করবে মিয়ামি।

নিকো পাজকে চায় ম্যানইউ, বাধা রিয়ালের শর্ত

মোহামেডান ও আবাহনীর হার, জয়ের হাসি কিংসের

জুভেন্টাস-মিলান-বোর্নমাউথের জয়

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে গার্দিওলার আহবান

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

আজ মাঠে ফিরছে ফুটবল লিগ

ফিফার তথ্যভান্ডারে হ্যাকারদের হানা, ব্যক্তিগত ও ব্যবসায়িক নথি চুরি

সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারাতে চায় নারী দল

ফুটবলের মাঠে মেধাবী মেসি স্কুলে অঙ্কে পেয়েছিলেন ছয়

পিএসজির জয়রথ থামাল রোমা