ফুটবল ফেডারেশনের (বাফুফে) পূর্বনির্ধারিত সূচিতেই আজ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন আসর। উদ্বোধনী দিনে দেশের আলাদা পাঁচটি ভেন্যুতে হবে পাঁচটি ম্যাচ। বেলা ৩টায় শুরু হবে প্রথম দিনের ম্যাচগুলো। এর আগে প্রতিটি ভেন্যুতে বেলা ২টা ৪৫ মিনিটে হবে লিগের উদ্বোধনী অনুষ্ঠান।
ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ও নতুন দল চট্টগ্রাম সিটি, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসি ও রহমতগঞ্জ; চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল-ওয়ান্ডারার্স; গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাব এবং মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। আগামীকাল গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আরামবাগ ক্রীড়া সংঘ পরস্পরের বিপক্ষে খেলবে। ২৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে বাফুফের কাছে জাতীয় দলের ক্যাম্পে থাকা ৯ ফুটবলারকে ক্লাবে ফেরত দেওয়ার জন্য চিঠি দেয় মোহামেডান। যদিও বাফুফে তাদের ওই চিঠিতে সাড়া দেয়নি। আসিয়ান কাপ সামনে রেখে জাতীয় দলের ফুটবলার ছাড়বে না বাফুফেÑএটাই স্বাভাবিক। তবে ভিন্ন পথে হাঁটছে মোহামেডান। আজ থেকে শুরু হওয়া চাঁদপুর জেলা স্টেডিয়ামে লিগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর নিজেদের প্রথম দুটি ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য বাফুফের কাছে চিঠি দেওয়ার কথা ক্লাবটির।