হোম > খেলা > ফুটবল

রেকর্ড ব্যালন ডি’অরে বোনমাতির কীর্তিতে ভাগ বসালেন পুতেয়াস

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার হয়ে সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ হলো আলেক্সিয়া পুতেয়াসের। ২০২৫–২৬ মৌসুমে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নারী ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের এই তারকা। এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে সাবেক সতীর্থ আইতানা বোনমাতির টানা তিনবার ব্যালন ডি’অর জয়ের কীর্তিতে ভাগ বসালেন তিনি।

গত মৌসুমে পুতেয়াসের নেতৃত্বে চারটি বড় শিরোপা জিতেছে বার্সেলোনা। লিগা এফ, কোপা দে লা রেইনা, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ—সব প্রতিযোগিতাতেই শিরোপার স্বাদ পেয়েছে কাতালান ক্লাবটি। এমন সাফল্যের পর ব্যক্তিগত স্বীকৃতির দৌড়েও এগিয়ে ছিলেন পুতেয়াস।

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গত মে মাসে জোড়া গোল করে বার্সেলোনার ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন তিনি। একই সঙ্গে জেতেন প্রতিযোগিতার মৌসুমসেরার পুরস্কার। ক্লাবের হয়ে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি স্পেনের নেশনস লিগজয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডফিল্ডারের।

পুরস্কার গ্রহণের পর আবেগাপ্লুত পুতেয়াস কৃতজ্ঞতা জানান আয়োজক ফ্রান্স ফুটবলকে এবং যাঁরা তাঁকে যোগ্য মনে করে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আবারও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তাঁর দারুণ লাগছে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, বলার মতো অনেক কথা জমে থাকলেও এই মুহূর্তে ঠিক ভাষা খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি সব মনোনীত খেলোয়াড় ও পুরস্কারজয়ীদের অভিনন্দন জানান তিনি।

পুতেয়াসের এই অর্জন বার্সেলোনার নারী দলের সাফল্যের ধারাবাহিকতাকেও তুলে ধরছে। ক্লাবের হয়ে একের পর এক শিরোপা জয়ের পর এবার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মঞ্চেও সবার ওপরে উঠে এলেন স্প্যানিশ তারকা।

টানা তৃতীয়বার সেরা তরুণ ফুটবলার ইয়ামাল

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন কেইন

রক্ষণ সামলে শিরোপা জিততে চায় বাংলাদেশ

আশায় ছেলেরা, নারী দলের বিদায়

যে কারণে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে এমবাপ্পে

নাটকীয়তা আর চমকের অপেক্ষায় মঞ্চ

গোলের সেঞ্চুরির পরও দলের জয়কেই বড় করে দেখছেন এমবাপ্পে

এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল

ছোট পর্দায় ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঙ্গে রয়েছে ফুটবলের কিছু ম্যাচ

অ্যানফিল্ডে লিভারপুলের ‘প্রথম’ জয়, ম্যানইউনাইটেডের লজ্জার হার