হোম > খেলা > ফুটবল

অনুশীলনে গানের সুরে ট্রফি জয়ের নতুন রসায়ন

ম্যানসিটিতে মারেসকার ‘মিউজিক থেরাপি’

স্পোর্টস ডেস্ক

লাউডস্পিকার থেকে ভেসে আসছে কানফাটা ডান্স মিউজিকের শব্দ। চারপাশের পরিবেশ দেখলে যে কারো মনে হতে পারে ভুল করে কোনো নাইটক্লাব ঢুকে পড়েছেন কিংবা উৎসবের আয়োজন চলছে। তবে স্থানটি কোনো নাইটক্লাব নয়, ম্যানচেস্টার সিটির বিখ্যাত ইতিহাদ কমপ্লেক্স। সেখানে মাঠের মাঝখানে ফুটবলাররা গা গরম করছেন, আর ডাগআউটে দাঁড়িয়ে মৃদু হাসছেন নতুন কোচ এনজো মারেসকা।

পেপ গার্দিওলার রেখে যাওয়া মহাকাব্যিক সাফল্যের পর সিটির দায়িত্ব নেওয়াটা সহজ ছিল না। তবে মারেসকা হাঁটছেন অন্য পথে; সুরই তার অনুশীলনের নতুন ভাষা।

লেস্টার সিটি ও চেলসিতে বাজিমাত করার পর ইতিহাদে এসেও মারেসকা অনুশীলনে গানের প্রচলন বজায় রেখেছেন। তবে কৌশলগত জটিল নির্দেশনা দেওয়ার সময় গান থামিয়ে দেওয়া হয়। অনুশীলনের গান বাছাই করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ফুটবলারদের হাতে। মারেসকার মতে, ফুটবলাররা গান শুনলে বেশি প্রফুল্ল থাকে এবং কাজের মান ভালো হয়। ডিফেন্ডার মাতেউস নুনেস জানান, অনুশীলনের আগে সব খেলোয়াড়ই এখন ‘ডিজে’ হতে চান এবং তারা বিষয়টি ভীষণ উপভোগ করছেন।

মারেসকার এই অভিনব কৌশলের প্রভাব পড়ছে মাঠের পারফরম্যান্সেও। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে সিটি। এছাড়া চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিরুদ্ধে ২-০ গোলের জয় এবং লিগ কাপে নরউইচ সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে তারা।

অনুশীলনে সংগীতের ব্যবহারের পেছনে রয়েছে বিজ্ঞান ও মনস্তাত্ত্বিক যুক্তি। জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, দ্রুতগতির ইলেকট্রনিক সংগীত ফুটবলারদের পাসিং, সময়জ্ঞান এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সূক্ষ্মতা বাড়িয়ে দেয়।

স্পোর্টস সাইকোলজিস্টদের মতে, ফুটবল খেলা অনেক সময় অতিরিক্ত হিসাবি ও রোবোটিক হয়ে পড়ে। মিউজিক খেলোয়াড়দের মানসিক চাপ কমিয়ে তাদের মাঝে আনন্দ ফিরিয়ে আনে।

প্রতিদিনের কঠোর নির্দেশের মাঝে গান বাছাইয়ের মতো ছোট জায়গায় স্বাধীনতা পাওয়ায় ফুটবলাররা নিজেদের দলের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন, যা কোচের সঙ্গে তাদের সম্পর্ক আরো দৃঢ় করে।

কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি ও মার্সেলো লিপির অধীনে খেলার অভিজ্ঞতা থেকে খেলোয়াড়দের মন বোঝার এই কৌশল রপ্ত করেছেন মারেসকা। খেলোয়াড় ক্যারিয়ারের শুরুতে শাওয়ারের নিচে ইতালীয় পপ গান গেয়ে সতীর্থদের প্রিয় হয়ে ওঠা মারেসকা এখন গানের সুরকেই বানিয়ে নিয়েছেন সিটিকে জয়ের ধারায় রাখার মূল হাতিয়ার।

ব্রাইটনের কাছে বিধ্বস্ত হয়ে জয়রথ থামল আর্সেনালের

‘বিশ্বকাপের সেরা ছিলেন মেসিই’

আরামবাগের শেষ মিনিটে গোলে জয়বঞ্চিত কিংস

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই নাহিদ-তাসকিন

কেইনের দ্রুততম সেঞ্চুরি আর ওলিসের হ্যাটট্রিকে বায়ার্নের বড় জয়

খরুচে দল গড়েও হারের দুর্দশায় বন্দি চেলসি

ইনফান্তিনোর ওপর ২১১ কোটি ডলারের চাপ উয়েফা-কনকাকাফের

হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

বড় জয়ে শুরু ফর্টিসের, আবাহনীর ড্র

রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের