ফিফা আসিয়ান কাপে আজ রীতিমতো চমক দিলো পাকিস্তান। ফিফা র্যাংকিংয়ে ৬২ ধাপ এগিয়ে থাকা ফিলিপাইনসের বিপক্ষে ২-২ গোলে ড্র করল তারা। টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে এই প্রথম পয়েন্ট অর্জন করল পাকিস্তানিরা। এটি স্মরণীয় এক ম্যাচ হয়ে থাকল পাকিস্তানের জন্য। কেননা ২৪ ও ৩২ মিনিটে দুই গোলে পিছিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৪৭ ও ৬২ মিনিটে গোল করে ম্যাচে ২-২ সমতায় ফেরে র্যাংকিংয়ে ১৯৮তম অবস্থানে থাকা দলটি। শেষ পর্যন্ত এই স্কোর ধরে রেখে র্যাংকিংয়ে ১৩৫তম স্থানে থাকা ফিলিপাইনসের বিপক্ষে দারুণ সাফল্য নিয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের খেলোয়াড়রা।
পাকিস্তানের হয়ে গোল করেন আলি আকবর খান ও আব্দুল শেহজাদ। উল্লেখ, আসিয়ান কাপে বাংলাদেশের মতো অতিথি দল হিসেবে খেলছে পাকিস্তান। চীন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ পায় দলটি। ‘বি’ গ্রুপে তাদের অর্জন এক পয়েন্ট। এর আগের ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪-০ গোলে হেরেছিল পাকিস্তান।