বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় জয় পেয়েছে আবাহনী। আজ শনিবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারাল মারুফুল হকের দল। এর আগে পিডব্লিউডির বিপক্ষে ড্র করে নতুন মৌসুম শুরু করেছিল আবাহনী। এ নিয়ে দুই ম্যাচ খেলে তাদের অর্জন ৪ পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পুলিশ এফসি।
একই দিন অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকা সিটি ক্লাবের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। এতে টেবিলে দুদলের অর্জনই এখন ৪ পয়েন্ট করে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফর্টিস টেবিলের দ্বিতীয় এবং ঢাকা সিটি ক্লাব চতুর্থ স্থানে রয়েছে। অপরদিকে, গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও রহমতগঞ্জের ম্যাচটিও হয়েছে ড্র। ২-২ গোলে শেষ দুদলের ম্যাচটি।
ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আবাহনী। চতুর্থ মিনিটেই অ্যান্টনি ওকাচির গোলে এগিয়ে যায় তারা। এর দুই মিনিট পর মঈদ আহমেদ স্কোর লাইন ২-০ করেন। শুরুতেই দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ওয়ান্ডারার্স। ১৩ মিনিটে একটি গোল শোধ দেয় তারা। জাহিদ হোসেন গোল করেন। এই গোলের পর আর ম্যাচে সমতায় ফিরতে পারেনি দলটি। ৩৩ মিনিটে মাইকেল বাবাতুন্দে আবাহনীকে ৩-১ গোলে এগিয়ে দেন। পরের অর্ধেও আক্রমণাত্মক ফুটবলের ছন্দ ধরে রাখে তারা। ৭৪ মিনিটে আরো একটি গোল করেন ওকাচি। যোগ করা সময়ে আল-আমিনের গোলে স্কোর লাইন ৫-১ করে আবাহনী। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছেন মারুফুল হকের দল। ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বলের দখল ছিল আবাহনীর। ওয়ান্ডারার্সের গোলমুখে ১৮টি শট নেয় তারা। এর মধ্যে ১০টি শট ছিল লক্ষ্যে।