হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা নিয়ে সমর্থকদের আনন্দ-উল্লাস

আমার দেশ ডেস্ক

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে আজ। এ নিয়ে সারা দেশের শহর থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টাঙিয়ে ও ব্যানারসহ শোভাযাত্রা বের করে নেচেগেয়ে স্বাগত জানানো হচ্ছে বিশ্বকাপ ফুটবলকে। অনেক জায়গায় প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হচ্ছে।

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ফুটবল বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের গ্রামাঞ্চলের রাস্তাঘাট, বাজার ও গাছ, বাড়ির ছাদ, বাঁশের খুঁটি, পুকুর ও কৃষিজমিতে টানানো হয়েছে তাদের প্রিয় দলের পতাকা ও গায়ে প্রিয় দলের জার্সি পরিধান করে চষে বেড়াতে দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার বড়হাতিয়া ও আধুনগর ইউনিয়নের সীমান্তবর্তী বেপারী পাড়ায় প্রায় ছয়শ মিটার জায়গাজুড়ে চার থেকে পাঁচ ফুট পরপর সড়কের দুপাশে সারিবদ্ধভাবে ব্রাজিল ও আর্জেন্টিনার কয়েক শতাধিক পতাকা লাগানো হয়েছে। প্রিয় দলের প্রতি এমন ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে পথচারীদের চোখ আটকে যায় এবং অনেক পথচারী গাড়ি থামিয়ে ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন।

স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিশ্বকাপে এলাকার তরুণেরা মিলে নিজেদের প্রিয় দলের পতাকা লাগানোর এ উদ্যোগ গ্রহণ করে থাকেন। উৎসাহ দিতে এলাকার প্রবাসী ভাইয়েরাও এতে অর্থায়ন করেন। আমাদের এলাকায় ব্রাজিল সমর্থকের সংখ্যা বেশি। বেশ কিছু দিন ধরে পতাকা চুরি হয়ে যাচ্ছে। তাই চুরি ঠেকাতে ইতোমধ্যে তিনটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বড়হাতিয়া ইউনিয়নের নাজিম উদ্দিন নামের এক আর্জেন্টিনা সমর্থক বলেন, বিশ্বকাপ এলেই ফুটবল খেলা নিয়ে এলাকায় বিভিন্ন দলের সমর্থক তাদের প্রিয় দলের পতাকা টানানো ও জার্সি পরতে দেখা যায়। দল যার যার হলেও আমরা সবাই একযোগে আনন্দ করি। আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়দের খেলা আমার ভালো লাগে। তাই আমি তাদের পছন্দ করি।

ব্রাজিল সমর্থক কাইছাট বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের এলাকায় আর্জেন্টিনা দলের চেয়ে ব্রাজিল সমর্থক বেশি। আমরা যে দলেই পছন্দ করি না কেন সবাই মিলেমিশে একসঙ্গে বসে খেলা উপভোগ করে থাকি।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এটিই প্রথম বিশ্বকাপ। আকার ও আয়োজনের দিক থেকে এটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ। রেকর্ড ৪৮ দল ও লাখ লাখ সমর্থক দেশগুলোয় ভিড় জমাতে শুরু করেছেন। এ খেলা নিয়ে বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই।

ইতোমধ্যে হাটবাজার, রাস্তাঘাট ও বাড়ির ছাদে টাঙানো হয়েছে পছন্দের দেশ এবং খেলোয়াড়ের ছবিসংবলিত ছবি-ব্যানার। অনেকে মিছিলও করছেন। জানা গেছে, বাংলাদেশের খেলাপ্রেমী যুবকরা মূলত আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। গ্রামাঞ্চলে এ দুদেশের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিশেষ করে একপক্ষ অপরপক্ষকে ঘায়েল করতে নানারকম প্রদর্শনী করছে। গত মঙ্গলবার এমনই একটি প্রদর্শনী করেন চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা। বুধবার ভিডিওতে থাকা প্রবাসী আর্জেন্টিনা সমর্থক আবুল কালাম আজাদ বলেন, প্রতিবারই বিশ্বকাপ খেলা উপলক্ষে আমাদের এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন আয়োজন করা হয়।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬-এর আনুষ্ঠানিক পর্দা ওঠার আগেই মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় শুরু হয়েছে ফুটবল উৎসব। প্রায় এক মাইল এলাকাজুড়ে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের দুপাশে আর্জেন্টিনার জাতীয় পতাকা, তারকা খেলোয়াড়দের ছবিসংবলিত ফেস্টুন ও ব্যানারে সেজে উঠেছে পুরো এলাকা। এতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয়দের পাশাপাশি আশপাশের মানুষেরও দৃষ্টি আকর্ষণ করছে।

এদিকে শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, ব্রাজিল সমর্থকদের মধ্যেও বিশ্বকাপ ঘিরে সমান উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দুই দলের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুত্বপূর্ণ খুনসুটি ও আনন্দঘন আলোচনা।

স্থানীয় ব্রাজিল সমর্থক খালিদ হাসান হাস্যরসের সঙ্গে বলেন, পতাকা যত বড়ই হোক, বিশ্বকাপের ট্রফি এবার ব্রাজিলের হাতেই উঠবে।

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর হাতিয়ায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টাইন সমর্থকরা। এ সময় তারা আর্জেন্টিনার পতাকা উত্তোলন, রঙিন আলো জ্বালিয়ে সড়কে সড়কে নিজ দলের পক্ষে স্লোগান দেন। তাদের এ শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে সাধারণ মানুষ ভিড় জমান।

গত মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ওছখালী থেকে শুরু করে এ শোভাযাত্রা ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তমরদ্দি লঞ্চঘাটে এসে শেষ হয়। এর আগে তারা উপজেলা সদরের দ্বীপ সরকারি কলেজ মাঠে কেক কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন। এদিকে, আর্জেন্টাইন সমর্থকদের এ শোভাযাত্রা দেখতে বিভিন্ন বাজারে অনেক লোকের ভিড় জমে । এ সময় আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেনÑউপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল হালিম, সালমান ফারাবী, আরিয়ান ফরিদ ও আহসান হাবিব রুবেল ।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিশ্বকাপ ফুটবল উম্মাদনা শুরুর আগেই চিরিরবন্দরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।

এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শুরু হয় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চরম উম্মাদনা। উভয় দলের সমর্থকদের মধ্যে বিরাজ করে ব্যাপক আনন্দ-উল্লাস। এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে মাঠের চারিদিক দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। অনেকেই বিদ্যালয় ও বাড়ির ছাদে উঠে খেলা উপভোগ করেন। খেলা শুরু হলে দর্শকরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে থাকে। হাজার হাজার দর্শক এ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর ব্রাজিল সমর্থক দলের রনি জয়সূচক গোলটি করেন। ফলে এ প্রীতি ফুটবল ম্যাচটি ১-০ গোলে শেষ হয়।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিল সমর্থক দলের রনি।

রোনালদোর ব্যর্থতার রাতেও জয়ের ছন্দে পর্তুগাল

বেলিংহাম-গর্ডনের নৈপুণ্যে আত্মবিশ্বাসী জয় ইংল্যান্ডের

বিশ্বকাপ শুরুর আগেই নিরাপত্তা শঙ্কায় আর্জেন্টিনা!

সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগেই সোমালি রেফারিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ফিফা বস ইনফান্তিনোর পদত্যাগ দাবি গুলিতের

বিশ্বকাপ উদ্বোধনীতে কারা থাকছেন মঞ্চে, কখন শুরু, কোথায় দেখবেন

বিশ্বকাপ শুরুর আগে নতুন শঙ্কা, যুক্তরাষ্ট্রের ম্যাচে ধর্মঘটের হুমকি

৪৮ দলের মহোৎসবে অর্থের ছড়াছড়ি

অ্যালগরিদমের ভবিষ্যদ্বাণীতে চ্যাম্পিয়ন স্পেন

আইস্ক্রিনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল