এশিয়ান গেমসে পদক জিততে না পারার হতাশায় কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। এরই মধ্যে ভারতে চলমান এ প্রতিযোগিতায় পদকের রেস থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। পাঁচ দলের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ নারী দল তিন ম্যাচ খেলে একটি মাত্র জয় পেয়েছে। আজ শ্রীলঙ্কার কাছে ৩১-২০ পয়েন্টে হেরেছে তারা। এই হারে প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের। তিন ম্যাচ খেলে তাদের অর্জন মাত্র দুই পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিততে পারলে চার পয়েন্ট হবে তাদের। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ গ্রুপে থাকা কেনিয়া ও শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতেছে। তাদের অর্জন ছয় পয়েন্ট করে। স্কটল্যান্ডকে ৭৫-১৫ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে একমাত্র জয় পায় মেয়েরা। আর কেনিয়ার কাছে ৩৪-২৫ পয়েন্টে হেরেছিল তারা।
অন্যদিকে বাংলাদেশ পুরুষ কাবাডি দল এখনো পদকের লড়াইয়ে টিকে আছে। ছয় দলের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে। কানাডার বিপক্ষে ৬৭-২৮ পয়েন্টে জিতলেও কেনিয়ার কাছে ৩১-৩০ পয়েন্টে হেরে গেছে বাংলাদেশের ছেলেরা। যে কেনিয়া বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারত না, সে দলের কাছে হেরে গ্রুপে দুই পয়েন্ট নিয়ে এখন লড়াই চালিয়ে যাচ্ছে লাল-সবুজের জার্সিধারীরা। তাদের আরো তিনটি ম্যাচ বাকি। প্রত্যাশা করা হচ্ছে, সামনের ম্যাচে সহজ প্রতিপক্ষ সিঙ্গাপুর, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠার পথ সহজ করবে বাংলাদেশ।