৬০ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল গোলশূন্য সমতা। এরপর দুই দল মিলে করল চার গোল, যার তিনটিই শেষ ১০ মিনিটে। একপর্যায়ে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়িয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার মেজর লিগ সকারে (এমএলএস) এফসি সিনসিনাতির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।
স্পেনের রাজপরিবারের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ নিয়ে ফেরার পর এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছিল মিয়ামি। সেই ম্যাচে ভ্রমণক্লান্তির কারণে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও কোনো গোল বা অ্যাসিস্ট পাননি আর্জেন্টাইন মহাতারকা। সিনসিনাতির বিপক্ষে পুরো ম্যাচেও গোল-অ্যাসিস্টের দেখা পাননি তিনি।
ম্যাচের প্রথম এক ঘণ্টা গোলের দেখা পায়নি কোনো দল। অবশেষে ৬১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মিয়ামি। তবে ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেমের গোলে সমতায় ফেরে সিনসিনাতি। ছয় মিনিট পর স্যামুয়েল গিডির গোলে এগিয়েও যায় তারা। তাতে মিয়ামির হার অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল।
কিন্তু শেষ বাঁশি বাজার আগে ম্যাচে ফেরে মেসির দল। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে বক্সের বাঁ দিক থেকে দূরের পোস্টে বাঁকানো শটে গোল করেন রিকুয়েলমে ফিলিপ্পি। এমএলএসে নিজের প্রথম গোল করেই দলকে হার থেকে বাঁচান তিনি। এর আগে সুয়ারেজও প্রায় একই জায়গা থেকে গোল করেছিলেন।
এই ড্রয়ের পর ইস্টার্ন কনফারেন্সে তিন নম্বরে থাকা মিয়ামির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে দুইয়ে থাকা নিউ ইংল্যান্ড রেভোলিউশন। তাদের পয়েন্ট ৫৮। দুই দলেরই হাতে রয়েছে আরও দুটি করে ম্যাচ। পরের ম্যাচে নিউ ইংল্যান্ডের মাঠে খেলবে মেসিরা। ম্যাচটি কেবল ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নির্ধারণেই নয়, এমএলএস কাপের প্লে-অফে দ্বিতীয় সিড পাওয়ার লড়াইয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।