ফিফা প্রীতি ম্যাচ
আগামীকাল ৫ জুন ফিফা প্রীতি ম্যাচে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইউরোপের কোনো দেশের বিপক্ষে তাদের ঘরের মাঠে বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক ম্যাচ হবে এটি। ফিফা র্যাংকিংয়ের সবচেয়ে তলানির দল সান মারিনো। তাদের অবস্থান ২১১তম, যেখানে র্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮১তম অবস্থানে। র্যাংকিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকলেও সান মারিনোর বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলে জানালেন দেওয়ান হামজা চৌধুরী।
ইংল্যান্ড থেকে সরাসরি সান মারিনোতে মঙ্গলবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। দলের সঙ্গে অনুশীলনে নামেন হামজা। পরিচয় হয় নতুন কোচ থমাস ডুলির সঙ্গে। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় হামজা বলেন, ‘সবার সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। ভালো ম্যাচের জন্য মুখিয়ে আছি।’
সান মারিনোর ম্যাচের আগে দলের সঙ্গে মানিয়ে নিতে মাত্র দুদিন সময় পাচ্ছেন হামজা। তবে ইউরোপের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে সমস্যা হবে না তার। সান মারিনো ম্যাচ প্রসঙ্গে হামজা বলেন, ‘আমি মনে করি, ম্যাচটি কিছুটা চ্যালেঞ্জিং হবে। জামালসহ সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছেন, ভিন্ন স্টাইলে খেলেন তারা। তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আশা করি, আমিও মানিয়ে নিতে পারব। শমিত, জায়ানদের সঙ্গে ভালো সমন্বয় হবে। ম্যাচটি ঘিরে আমরা রোমাঞ্চিত।’
ফিফা র্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকলেও সান মারিনোর বিপক্ষে ম্যাচটি কঠিন হবে বলে মনে করেন হামজা। তিনি বলেন, ‘এটা আসলে সহজ ম্যাচ হবে না। তারা সবসময় বড় দেশের বিপক্ষে খেলে থাকেন। তারা ভালো মানের ফুটবল খেলায় অভ্যস্ত। তাছাড়া তাদের মাঠে আমরা খেলছি। কোচও নতুন। সব মিলিয়ে চ্যালেঞ্জিং হবে। ইউরোপে এটা আমাদের প্রথম ম্যাচ। তবে আমরা মুখিয়ে আছি সান মারিনোতে আমরা কীভাবে খেলতে পারি। সাফের জন্যও ভালো প্রস্তুতি হবে।’
এদিকে, বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিয়ে সান মারিনোর বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্টে নতুন কোচ ডুলির। তার মতে, র্যাংকিংয়ে সবার শেষে সান মারিনোর অবস্থান হলেও ম্যাচ অত সহজ হবে না। কেননা তারা জার্মানি, ইতালি, স্পেনের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলে থাকে। তাদের দলে ভালো মানের ফুটবলারও রয়েছে। সব মিলিয়ে প্রীতি ম্যাচে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশকে ভালো পরীক্ষা দিতে হবে। তবে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
অন্যদিকে, সান মারিনোর বিপক্ষে জয়ের আশা করছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমি এখানে যেহেতু বড় হয়েছি, এখানকার কালচার জানি, চিনি। তাই আমি আশা করি, ভালো কিছু করতে পারব।’