জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণায় আর্জেন্টিনার সতীর্থদের মনেও নেমেছে বিষাদের ছায়া। ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে খেলা রদ্রিগো ডি পল জানিয়েছেন, অধিনায়কের সিদ্ধান্তে তাঁর ‘মন খারাপ লাগছে’।
আর্জেন্টিনার হয়ে মেসির অবদানের কথা স্মরণ করে ডি পল বলেন, ‘দেশের জন্য সে যা করেছে তা অবিশ্বাস্য। সবকিছুর পর এখন কেবলই এক বিষণ্নতা অনুভব করছি। আমরা তাঁকে পেয়েছি এবং তাঁর খেলা উপভোগ করেছি। বিশেষ করে জাতীয় দলের হয়ে তাঁর প্রতিটি মুহূর্ত আমি ব্যক্তিগতভাবে খুব উপভোগ করেছি।’
মেসির সিদ্ধান্তকে আবেগঘন উল্লেখ করে তিনি বলেন, ‘আর্জেন্টাইন হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত আবেগের এক মুহূর্ত ছিল। প্রতিবার তাঁকে মাঠে নামতে দেখা আমাদের রোমাঞ্চিত করত।’
বিশ্বজুড়ে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির জনপ্রিয়তা নিয়েও গর্বিত ডি পল। তাঁর ভাষায়, ‘বিশ্বের যেকোনো প্রান্তে আর্জেন্টিনার ১০ নম্বর লেখা জার্সি দেখতে পাওয়া আমাদের জন্য বিরাট গর্বের বিষয় ছিল।’
৩১ আগস্ট জাতীয় দল থেকে ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন মেসি। এরপর দে পল সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় সতীর্থের নেতৃত্ব, মানবিক গুণ ও দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন।
ইন্টার মায়ামিতে এখনও মেসির সঙ্গে খেলার সুযোগ পাওয়াকে উপভোগ করতে চান তিনি। দে পলের আশা, ‘তিনি যেন খুব সুখে থাকেন এবং আমাদের সামনে যেটুকু সময় বাকি আছে, সেটুকু যেন তিনি পূর্ণ আনন্দে উপভোগ করতে পারেন।’