সিনিয়র জাতীয় দল নেই। নেই ইউরোপের লিগে খেলা বংশোদ্ভূত ফুটবলারদের বহর। অভিজ্ঞতার ঝুলিও বেশ হালকা। অথচ দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করতে এসবের কোনোটিই বাধা হতে পারেনি ভারতের। দ্বিতীয়/তৃতীয় সারির দল নিয়ে এসেও সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলেছে তারা। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে প্রথমে পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। গ্রুপ পর্বেও পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা তৃতীয় শিরোপা জয়ের কৃতিত্বও দেখিয়েছে ভারত।
ভারতের এই সাফল্যকে শুধু আরেকটি শিরোপা জয় হিসেবে দেখার সুযোগ নেই। বরং দক্ষিণ এশিয়ার ফুটবলে তাদের আধিপত্যের পেছনের শক্তিটাই আবার সামনে এসেছে। একটি দেশের ফুটবল কাঠামো কতটা শক্তিশালী হলে দ্বিতীয় সারির দল নিয়েও আঞ্চলিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা যায়, ভারত সেটিই দেখিয়েছে।
এবারের সাফে ভারতের দল গঠনই ছিল বড় চ্যালেঞ্জ। ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। অন্যদিকে ঘরোয়া লিগের ব্যস্ততা। সব মিলিয়ে খেলোয়াড় সংকটে পড়েন কোচ নওশাদ মুসা। প্রথম ম্যাচের জন্য ১৮ জন খেলোয়াড় পাওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছিল। পাঁচ অভিজ্ঞ ফুটবলার দল ছেড়ে চলে যান। তিনজন যোগ দেন সিনিয়র জাতীয় দলে। বাকি দুজন নাম লেখান আইসিএলের ক্লাবে।
অগত্যা তরুণদের ওপরই ভরসা রাখতে হয় মুসাকে। সেই আস্থার প্রতিদানও দিয়েছেন ফুটবলাররা।
ভারতীয় দলের কোচ মুসার বিশ্বাস ছিল, তরুণদের সামর্থ্য নিয়ে সন্দেহের কিছু নেই। এশিয়ান কাপ বাছাইয়ে অনূর্ধ্ব-২৩ দলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। খেলোয়াড়দের প্রতি আস্থা রেখেছেন। নিজেদের ওপর বিশ্বাস রাখার বার্তাই দিয়েছেন। সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করেছেন তরুণরা।
পাকিস্তান কোচ নলবার্তো সোলানোও ভারতের সাফল্যের প্রশংসা করেছেন। তার মতে, শুধু বংশোদ্ভূত ফুটবলার দিয়ে ফুটবলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। প্রয়োজন শক্তিশালী কাঠামো ও নিয়মিত লিগ।
সাফের দশম শিরোপা জিতে ভারত আবারও বুঝিয়ে দিল, ফুটবলে সাফল্য শুধু নামী খেলোয়াড়ের ওপর নির্ভর করে না। সঠিক পরিকল্পনা, শক্তিশালী কাঠামো এবং তরুণ প্রতিভার পরিচর্যাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারতের শ্রেষ্ঠত্বের আসল রহস্যও সেখানেই।