হোম > খেলা > ফুটবল

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির

আসিয়ান কাপে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া

স্পোর্টস রিপোর্টার

প্রথমবারের মতো ফিফা আয়োজিত আসিয়ান কাপে অতিথি দল হিসেবে খেলবে বাংলাদেশ। ১৪ দলের আসন্ন টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশনে গ্রুপে পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ফিফা র‌্যাংকিংয়ে এই তিনটি দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ১৮১তম দল বাংলাদেশ। যেখানে ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ আর সিঙ্গাপুর রয়েছে ১৪৮তম অবস্থানে। আসিয়ান কাপে বাংলাদেশ আন্ডারডগ হলেও ভালো কিছু করার সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি। তার মতে, শক্তিশালী দলগুলোকে মোকাবিলা করতে হলে টুর্নামেন্টে বাংলাদেশকে নিখুঁত ফুটবল খেলতে হবে এবং জিততে হবে।

গত এশিয়ান কাপ বাছাই পর্বে সম্ভাবনাময় ফুটবল খেলেছে বাংলাদেশ। বড় দলগুলো বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেন হামজা-শমিতরা। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ দিকে এলোমেলো না হলে জয়ের সাফল্যও পেত পারত তারা। আসিয়ান কাপে আবার বাংলাদেশের প্রতিপক্ষ সেই সিঙ্গাপুর। আগের ম্যাচের কথা স্মরণ করিয়ে দিয়ে কোচ ডুলি বললেন, ‘গতবার আমরা সিঙ্গাপুরকে প্রায় হারিয়ে দিয়েছিলাম। তবে আমরা হেরেছি। আমাদের চেয়ে র‌্যাংকিংয়েও এগিয়ে তারা। ভালো একটি দিনে যখন তারা ভুল করবে, আমরা তাদের হারিয়ে পারি।’ অন্য প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষেও জয় পাওয়া অসম্ভব কিছু মনে করছেন না কোচ ডুলি। তিনি বলেন, ‘সাধারণত মালয়েশিয়াকে হারানোর সুযোগ নেই। তবে যেকোনো কিছুই সম্ভব। আমরা আমাদের কাজটিই করব। আমরা প্রস্তুত। খেলোয়াড়রা প্রস্তুত। সবকিছুই আমরা সঠিকভাবে করছি। তারা (মালয়েশিয়া) অনেক কিছু ভুল করছে। তাই আমাদেরও সুযোগ আছে।’

গ্রুপ পর্বে বাংলাদেশের বড় পরীক্ষা নেবে স্বাগতিক ইন্দোনেশিয়া। তবে ইন্দোনেশিয়াকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ। কোচ ডুলি বলেন, ‘আমাদের বিপক্ষে খেলতে গিয়ে ইন্দোনেশিয়া অনেক চাপে থাকবে। আমাদের বিপক্ষে হারতে চাইবে না তারা। আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে আমি হারতে চাইব না। আমি ভুটানের বিপক্ষে হারতে চাইব না। কারণ তারা আমাদের চেয়ে পেছনে। তারাও একই ভাবে চিন্তা করবে। যদি তাদের সঙ্গে আমাদের পার্থক্য দেখেন, তাহলে আমরা পুরোপুরিই আন্ডারডগ।’ প্রতিপক্ষ শক্তিশালী হলেও পুরো টুর্নামেন্টে জয়ের লক্ষ্য থাকবে বাংলাদেশের। ডুলি বলেন, ‘সেখানে প্রথম বা তৃতীয় হওয়া চিন্তা করা যাবে না। আমরা টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা অর্জন করতে যাব। টুর্নামেন্টে যাই হোক না কেন, আমাদের জিততে হবে। যদি আমরা অনেক ভুল করি এবং হেরে যাই, তবু সেটা ভালো। কারণ, আমরা সেখান থেকে শিখতে পারব এবং একই ভুল আর করব না।’

আসিয়ান কাপের আগে আক্রমণভাগ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন কোচ ডুলি। ইতোমধ্যে হ্যামস্ট্রিংয়ের কারণে দল থেকে ছিটকে গেছেন বিশ্বনাথ ঘোষ। সেন্টার-ফরোয়ার্ড হিসেবে কোচের ভাবনায় ছিলেন এই ডিফেন্ডার। ডুলি বলেন, ‘আমাদের সত্যিকারের নাম্বার নাইন নেই। প্রশ্ন হলো, আমাদের এখানে লিগে কেন নাম্বার নাইন নেই? প্রতিটি ক্লাবই নাম্বার নাইনে বিদেশি খেলোয়াড়কে খেলায়। তাই আমরা কোনো নাম্বার নাইন পাচ্ছি না। আমাদের খুঁজে বের করতে হবে যে, কে এই পজিশনে খেলতে পারে।’ বিশ্বনাথ প্রসঙ্গে ডুলি জানান, ‘এই কারণেই বিশ্বনাথ আমার কাছে এমন একজন খেলোয়াড়, যাকে আমি আক্রমণভাগে খেলাতে পারতাম। সান মারিনো ম্যাচের দিকে তাকালে দেখবেন, সে দ্বিতীয় গোলটিতে অ্যাসিস্ট করেছিল। দুবার গোল করতে পারত। সে প্রতিপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল।’ ডিফেন্ডার হিসেবে বিশ্বনাথের অতিরিক্ত আগ্রাসী খেলার কারণে বক্সের ভেতরে কখনো কখনো ফ্রি-কিক বা পেনাল্টির ঝুঁকি তৈরি হয় বলেও মনে করেন ডুলি। এখন সেন্টার-ফরওয়ার্ডে কয়েকজন উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডারকে পরখ করতে চান তিনি। রাকিব, মোরসালিনদের নিয়ে ভাবছেন ফুটবল কোচ। অন্যদিকে, তপু বর্মন, জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে ভুগছেন। আসিয়ান কাপ শুরুর আগে তাদের সুস্থতার প্রত্যাশায় কোচ ডুলি।

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়

আর্জেন্টাইন ক্লাবের শতবর্ষী বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর আল নাসর

ব্রাজিলের হয়ে আর কখনো মাঠে নামবেন না নেইমার: আনচেলত্তি

ছোট পর্দায় থাকছে ক্রিকেট রোমাঞ্চের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের আনন্দ

কোরিয়া খেলল, গোল করল বাংলাদেশ দেখল, গোল খেল

মাঠের বাইরের ঘটনায় বিরক্ত কোচ বললেন, এভাবে একটা দল গড়ে উঠতে পারে না